বরাক তরঙ্গ, ৩০ মে : বিশিষ্ট লেখক ও সাহিত্যিক মৃণালিনী দেবীকে ‘যুব দর্পন’ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হবে। তিনি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মাতৃদেবী। সাপ্তাহিক বাংলা পত্রিকা ‘যুব দর্পন’-এর ১৩তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাঁকে এই সম্মানে ভূষিত করা হবে। আজ, শনিবার রাতে বাড়িতে গিয়ে মৃণালিনী দেবীর হাতে এই সম্মান তুলে দেবেন যুব দর্পনের স্বত্বাধিকারী দিলু দাস ও সম্পাদক সুবীর দত্ত সহ অন্যান্যরা। শারীরিক কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না বলে জানান দিলু দাস।
এছাড়াও রাজ্যের ও রাজ্যের বাইরের ৫০ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে ‘যুব দর্পন এক্সেলেন্স অ্যাওয়ার্ড’, ‘যুব দর্পন ইয়ুথ এক্সেলেন্স অ্যাওয়ার্ড’ এবং ‘যুব দর্পন মিডিয়া এক্সেলেন্স অ্যাওয়ার্ড’-এ সম্মানিত করা হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
নেতাজি ছাত্র যুব সংস্থা এবং রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের সহযোগিতায় আগামী ৩১ মে লহিয়া লায়ন গুয়াহাটি মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সম্মাননা প্রদানের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।



