কলিয়াবরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বন্য হাতির করুণ মৃত্যু

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ মে : কলিয়াবরের লেংটেং ২ নম্বর বস্তি এলাকায় একটি বন্য হাতির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সকালে স্থানীয় বাসিন্দারা এলাকায় হাতিটির নিথর দেহ পড়ে থাকতে দেখে বনদপ্তরকে খবর দেন। পরে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন।

প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই হাতিটির মৃত্যু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ফসল রক্ষার নাম করে কোনও দুষ্টচক্র অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়েছিল। সেই বিদ্যুতের তারে জড়িয়েই হাতিটি প্রাণ হারায় বলে সন্দেহ করা হচ্ছে।

ঘটনাস্থল ঘিরে এলাকায় শোক ও ক্ষোভের পরিবেশ সৃষ্টি হয়েছে। বন্যপ্রাণী প্রেমী ও স্থানীয় বাসিন্দারা দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, হাতিটির মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চালানো হচ্ছে এবং ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

উল্লেখ্য, খাবারের সন্ধানে প্রায়ই বন্যহস্তীর দল লোকালয়ে প্রবেশ করে। ফলে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তবে অবৈধ বিদ্যুৎ সংযোগের মাধ্যমে বন্যপ্রাণী হত্যার অভিযোগ নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *