সাংবাদিকদের বেতন-ভাতা সমস্যা নিয়ে শ্রম দফতরের উপ-আয়ুক্তের সঙ্গে সাক্ষাৎ বার্তাজীবী সংঘের

Spread the news

বরাক তরঙ্গ, ১৮ মে : সাংবাদিকদের বেতন-ভাতা ও বিভিন্ন সুবিধা সংক্রান্ত সমস্যা নিয়ে সোমবার অসম সরকারের শ্রম দফতরের উপ-আয়ুক্ত অজন্তা শর্মা এবং কনপাই দাসের সঙ্গে তাঁদের দফতরে সাক্ষাৎ করে অসম বার্তাজীবী সংঘের একটি প্রতিনিধি দল।
আলোচনায় ২০২৫ সালের ৩০ আগস্ট শ্রমমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রিপাক্ষিক বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলির বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে মাঝিথিয়া কমিশনের সুপারিশের ভিত্তিতে সাংবাদিকদের বেতন, ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা আদায়ের বিষয়টি গুরুত্ব পায়।

শ্রম দফতরের উপ-আয়ুক্ত আলোচনায় উল্লেখ করেন, বিভিন্ন কারণে এখনও বহু সাংবাদিক তাঁদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। নতুন শ্রমমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে আগামী জুন-জুলাই মাসের মধ্যে পুনরায় একটি ত্রিপাক্ষিক বৈঠক আয়োজন করা হবে বলেও তিনি জানান।

আলোচনার আগে অসম বার্তাজীবী সংঘের গত বছরের আয়-ব্যয়ের নিরীক্ষিত হিসাব শ্রম আয়ুক্তের দফতরে জমা দেওয়া হয়। এ দিন অসম বার্তাজীবী সংঘের সাধারণ সম্পাদক অঞ্জনকুমার শর্মার নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংঘের উপদেষ্টা মুকুটরাজ শর্মা, সহ-সভাপতি ভাস্কর শর্মা, যতীন ভাগবতী এবং কার্যালয় সম্পাদক আদিত্য চন্দ্র বর্মণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *