কাটিগড়ায় কৃত্রিম বন্যার ভয়াবহতা, প্রথমবার জলবন্দি বিহাড়া ও চন্দ্রনাথপুর

Spread the news

মান্তু নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ১৫ মে : কাছাড় জেলার কাটিগড়া বিধানসভার বড়াইল পাহাড় পাদদেশের বিহাড়া এলাকায় কৃত্রিম বন্যার জেরে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দাদের দাবি, স্বাধীনতার পর এই প্রথম এমন ভয়াবহ জলাবদ্ধতার পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে তাদের। টানা বৃষ্টির কারণে এলাকায় জল জমলেও, প্রাকৃতিক বন্যার চেয়ে এবার বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে অপরিকল্পিত নির্মাণ এবং পর্যাপ্ত জল নিষ্কাশন ব্যবস্থার অভাব।

স্থানীয় সূত্রে জানা গেছে, অতীতে কাটিগড়া কিংবা বড়খলা অঞ্চলে বন্যা দেখা দিলে বহু মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে বিহাড়া এলাকায় এসে থাকতেন। পাহাড়ের পাদদেশে অবস্থিত হওয়ায় এই অঞ্চল সাধারণত জলমুক্তই থাকত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এলাকায় গড়ে উঠেছে অসম মালা প্রকল্পের রাস্তা, এফডিআই গোদাম, রেল ইয়ার্ড-সহ একাধিক শিল্প ও বাণিজ্যিক অবকাঠামো। অভিযোগ, এসব নির্মাণের সময় যথাযথ জল নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয়নি।

এছাড়াও বিভিন্ন নালা, খাল এবং প্রাকৃতিক জলপথ দখল করে বাড়িঘর নির্মাণের ফলেও বৃষ্টির জল বের হতে না পেরে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে বলে অভিযোগ সচেতন মহলের। ফলে সামান্য বৃষ্টিতেই এখন জলমগ্ন হয়ে পড়ছে বসতবাড়ি, রাস্তাঘাট ও কৃষিজমি।

একই পরিস্থিতি তৈরি হয়েছে কাটিগড়া বিধানসভার চন্দ্রনাথপুর চা-বাগান এলাকাতেও। এখানকার বাসিন্দারাও প্রথমবারের মতো কৃত্রিম বন্যার কবলে পড়ে আতঙ্কিত হয়ে পড়েছেন। বহু বাড়িতে জল ঢুকে পড়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। শিশু ও বয়স্কদের নিয়ে চরম দুর্ভোগে দিন কাটছে এলাকার মানুষের।

এদিকে, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি তুলেছেন স্থানীয়রা। তাদের বক্তব্য, অবিলম্বে স্থায়ী জল নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা, দখলমুক্ত নালা-খাল পুনরুদ্ধার এবং অপরিকল্পিত নির্মাণের উপর নিয়ন্ত্রণ আরোপ না করা হলে আগামী দিনে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *