বরাক তরঙ্গ, ১৫ মে : রাজ্যে ফের ভারী বৃষ্টির আগাম সতর্কতা। আগামী ২-৩ দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র। গুয়াহাটিবাসীকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টি ও বজ্রপাতেরও পূর্বাভাস জারি করা হয়েছে। মহানগরীসহ একাধিক স্থানে ভূমিধসের আশঙ্কাও প্রকাশ করেছে আবহাওয়া দফতর। সংশ্লিষ্ট বিভাগগুলিকে সর্বদা সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্যের মোট ১৯টি জেলায় জারি করা হয়েছে ইয়েলো অ্যালার্ট এবং ৪টি জেলায় জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। দক্ষিণ শালমারা, ধুবড়ি, কোকরাঝাড়, গোয়ালপাড়া, বঙাইগাঁও, বরপেটা, বজালি, তামুলপুর, নলবাড়ি, কামরূপ, কামরূপ মেট্রো, উদালগুড়ি, পশ্চিম কার্বি আংলং, শোণিতপুর, বিশ্বনাথ, লখিমপুর, ধেমাজি, ডিব্রুগড় এবং তিনসুকিয়া জেলায় ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। অন্যদিকে ডিমা হাসাও, কাছাড়, হাইলাকান্দি এবং শ্রীভূমি জেলায় জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট।
ইয়েলো অ্যালার্ট জারি হওয়া জেলাগুলিতে প্রবল থেকে অতি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ শালমারা, ধুবড়ি, বঙাইগাঁও, গোয়ালপাড়া, লখিমপুর, ধেমাজি, ডিব্রুগড় এবং তিনসুকিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
অরেঞ্জ অ্যালার্ট জারি হওয়া ডিমা হাসাও, কাছাড়, হাইলাকান্দি এবং শ্রীভূমি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।



