বরাক তরঙ্গ, ২৮ এপ্রিল : অসমের গহপুরের কলেজগুড়ি এলাকায় অবৈধ নারী দেহব্যবসার একটি আস্তানা উচ্ছেদ করা হয়েছে। অভিযোগ, মাইনু বরুয়া নামে এক মহিলা দীর্ঘদিন ধরে গোপনে এই চক্রটি পরিচালনা করে আসছিলেন। স্থানীয় বাসিন্দাদের সন্দেহের ভিত্তিতে সোমবার রাতে হঠাৎ অভিযান চালানো হয়। স্থানীয় জনতা অভিযানে নেমে হাতেনাতে দুই যুবক ও তিন মহিলাকে আটক করেন। পরে বিষয়টি গহপুর থানায় জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে মোট পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেহব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।
এই ঘটনাকে কেন্দ্র করে কলেজগুড়ি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



