শিলচরে কাবুগঞ্জ জনতা কলেজের শিক্ষার্থীদের ভ্রাম্যমান শিক্ষা উদ্যোগ, কচিকাঁচাদের সঙ্গে জ্ঞানের সেতুবন্ধন

Spread the news

বরাক তরঙ্গ, ২৮ এপ্রিল : শিক্ষাকে বইয়ের গণ্ডির বাইরে এনে সমাজের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে অভিনব উদ্যোগ নিল কাবুগঞ্জ জনতা কলেজ। সোমবার শিলচরের অম্বিকাপট্টি এলাকার ট্রি হাউস প্রি-স্কুলে অনুষ্ঠিত এক ভ্রাম্যমান শিক্ষামূলক প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করেন কলেজের ছাত্রছাত্রীরা। ছোটদের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ ও শিক্ষাদানের মাধ্যমে এক অনন্য শিক্ষামূলক পরিবেশ তৈরি হয়।

এই উদ্যোগের পেছনে রয়েছে কলেজের অধ্যক্ষ দেবাশিস পালের পরিকল্পনা। তাঁর উদ্যোগে কলেজে ছাত্রছাত্রীদের ছয়টি হাউসে বিভক্ত করা হয়েছে, যেগুলির নামকরণ করা হয়েছে আসামের বিশিষ্ট মনীষীদের নামে—লাচিত বরফুকন, বীর টিকেন্দ্রজিৎ, রানি গাইদিনলিউ, কনকলতা বরুয়া, কমলা ভট্টাচার্য এবং উল্লাসকর দত্ত। এই হাউস পদ্ধতির মূল উদ্দেশ্য হল শিক্ষার্থীদের সমাজসেবামূলক কাজে উদ্বুদ্ধ করা এবং সহপাঠ্য কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। হাউসগুলির পারফরম্যান্সের ভিত্তিতে বেস্ট হাউস পুরস্কারও প্রদান করা হয়।

এদিন শহিদ কনকলতা বরুয়া হাউসের সদস্যরা প্রি-স্কুলের শিশুদের সঙ্গে সময় কাটিয়ে তাদের পাঠদান করেন। পাশাপাশি, স্কুলের কর্ণধার বিশ্বজিৎ পাল-এর সঙ্গে আলোচনার মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষাপ্রশাসন ও বাস্তব অভিজ্ঞতা সম্পর্কেও জ্ঞান অর্জন করেন।

উল্লেখযোগ্যভাবে, হাউসের মেন্টর সুদীপ্তা খেসরা এবং পিনাকী দাস আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এই ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা গ্রহণ করেছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় গড়ে তুলে কলেজের ছাত্র-ছাত্রীদের মাধ্যমে পাঠদান ও সমাজসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচি নেওয়া হবে বলে জানা গেছে।

বর্তমান মোবাইল-নির্ভর সময়ে শিক্ষার্থীদের সমাজমুখী করে তোলার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অতিথি অধ্যাপিকা দীপা সিনহা এবং শিক্ষার্থীদের মধ্যে সায়ন বিশ্বাস, সুসমিতা নাথ, সুমালি নাথ, উর্মি রাজকুমারী, পিত্রাশিস সিনহা ও লিউস তাইরাং।

সমাজের সঙ্গে শিক্ষার এই মেলবন্ধন ভবিষ্যতে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মত শিক্ষামহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *