বরাক তরঙ্গ, ২৮ এপ্রিল : মঙ্গলবার ঘোষিত উচ্চমাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষার ফলে এক নজিরবিহীন ঘটনা সামনে এসেছে। বৃত্তিমূলক শিক্ষা শাখায় একটি জেলার ফলাফল বিশেষভাবে চর্চায় এসেছে। ওই শাখায় জেলা থেকে মাত্র একজন শিক্ষার্থীই উত্তীর্ণ হয়েছে। ফলে এই শাখায় জেলার পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৯.০৯ শতাংশ।
শ্রীভূমি জেলার এই অত্যন্ত নিম্ন পাশের হার উচ্চমাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষার ইতিহাসে সর্বকালের সর্বনিম্ন হিসেবে বিবেচিত হচ্ছে। উল্লেখযোগ্যভাবে, জেলা থেকে মোট ১১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এর মধ্যে মাত্র একজন উত্তীর্ণ হয়ে প্রথম বিভাগ অর্জন করেছে, আর বাকি ১০ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
অন্যদিকে, এই শাখায় ১০০ শতাংশ পাসের হার নিয়ে বিশ্বনাথ, মাজুলি এবং শিবসাগর জেলা শীর্ষস্থানে রয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, মাজুলি জেলা থেকে এই শাখায় মাত্র একজন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল এবং তিনি প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন।



