বরাক তরঙ্গ, ২৭ এপ্রিল : বড়বাউরি এমই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক হাজি আলাউদ্দিন লস্কর আর নেই। রবিবার রাত প্রায় ৯টা ২০ মিনিটে কচুদরম এলাকার দক্ষিণ মোহনপুর ষষ্ঠ খণ্ডে নিজ বাসভবনে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৩ বছর।
প্রয়াত আলা উদ্দিন লস্কর তাঁর পিছনে রেখে গেছেন স্ত্রী, দুই পুত্র, চার কন্যা, নাত-নাতনি ও এক ভাই সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-পরিজন। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। বড়ছেলে ফিরোজ আহমদ লস্কর একজন শিক্ষক। বর্তমানে তিনি সোনাই বিআরপি-র দায়িত্বে রয়েছেন।
শিক্ষকতা জীবনের অবসরের পরও সমাজসেবামূলক ও ধর্মীয় কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি। কচুদরম হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। পাশাপাশি, মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য নিজস্ব জমিও দান করেন তিনি। এছাড়াও দীর্ঘদিন হাজি এসইউ লস্কর এডুকেশনাল ফাউন্ডেশনের সভাপতি পদে দায়িত্ব পালন করেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার দুপুর ২টায় তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ওইদিন কচুদরম বাজার দুপুর আড়াইটা থেকে বিকেল ৩টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হাজি আলা উদ্দিন লস্করের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া, প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য কাদির আহমদ লস্কর, প্রাক্তন জিপি সভাপতি মিজানুর রহমান লস্কর, শিক্ষক বাহারুল ইসলাম লস্কর, সমাজকর্মী মিলন উদ্দিন লস্কর, রশিদ আহমদ লস্কর সহ বিশিষ্টজনেরা।



