ভোট পর্ব শেষে জনতার আশীর্বাদ প্রার্থনা, সোনাইয়ে ব্যতিক্রমী কর্মসূচি কংগ্রেস প্রার্থী আমিনুল হকের

Spread the news

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ২৬ এপ্রিল : নির্বাচন পর্ব শেষ হতেই ব্যতিক্রমী উদ্যোগ নিলেন সোনাই বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর। ভোটের ফল ঘোষণার আগে জনসাধারণের দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করতে রবিবার তিনি বিভিন্ন এলাকায় পরিদর্শনে যান।

এদিন উত্তর কৃষ্ণপুর, দক্ষিণ কৃষ্ণপুর, সোনাবাড়িঘাট, কাজিডহর, কাবুগঞ্জ, হাতিখাল, কচুদরম, দিদরখোশ, স্বাধীনবাজার, নতুন রামনগর ও কাপ্তানপুরসহ একাধিক এলাকায় ঘুরে তিনি সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের সমর্থন ও আশীর্বাদ কামনা করেন। আগামী ৪ মে ঘোষিত ফলাফলে জয় লাভের প্রত্যাশায় তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানান।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আমিনুল হক লস্কর নিজের জয় নিয়ে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন। তাঁর দাবি, সোনাইয়ের সাধারণ মানুষ নীরবে কংগ্রেসের পক্ষেই রায় দিয়েছেন। একইসঙ্গে তিনি বিরোধীদের কটাক্ষ করে বলেন, “এবার মানুষ নেতা ও পাতি নেতাদের বিরুদ্ধে ভোট দিয়েছে।” বরাক উপত্যকায় কংগ্রেস সাত থেকে নয়টি আসন পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি রাজ্যে কংগ্রেস সরকার গঠনের সম্ভাবনার কথাও তুলে ধরেন।

এই কর্মসূচিতে বিপুল সংখ্যক দলীয় কর্মী ও সমর্থক আমিনুল হক লস্করের সঙ্গে অংশ নেন, যা তাঁর প্রচারে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *