আহত ১১ জনের মধ্যে ৫ জনের অবস্থা সঙ্গীন
বরাক তরঙ্গ, ২৫ এপ্রিল : রঙ্গালি বিহুর উৎসবমুখর পরিবেশের মধ্যেই ঘটল এক হৃদয়বিদারক দুর্ঘটনা। নলবাড়ির হারিভাঙার ভাস্করজ্যোতি বিহু হুঁচরি দলের গাড়ি তামুলপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। এই দুর্ঘটনায় নিশামণি হালৈ নামে এক নাচনী ঘটনাস্থলেই মৃত্যু হয়। পাশাপাশি গুরুতরভাবে আহত হন আরও ১১ জন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তামুলপুর-নাগ্রীজুলি সড়কের নোয়াখাট এলাকায় একটি ট্র্যাভেলার গাড়ির সঙ্গে উল্টো দিক থেকে আসা ট্রেইলারের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। সে সময় দলটি বিহু পরিবেশনের উদ্দেশ্যে বাঙালিপাড়ার দিকে যাচ্ছিল। এর আগে দলটি পাঠশালা ও নলবাড়ির কেন্দুকুছিতে অনুষ্ঠান পরিবেশন করে। সেখান থেকে তামুলপুরের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।
দুর্ঘটনায় ২৫ বছর বয়সী নিশামণি হালৈ ঘটনাস্থলেই প্রাণ হারান। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাঁদের গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোরেশ্বরের নিজঝার গ্রামের বাসিন্দা রমেন হালৈর কন্যা নিশামণি একজন প্রতিভাবান সাংস্কৃতিক শিল্পী হিসেবে পরিচিত ছিলেন। ‘নাগারা নাম’ পরিবেশনের জন্য এলাকায় তাঁর বিশেষ সুনাম ছিল।
পরিবারের ছয় সদস্যের মধ্যে নিশামণিই ছিলেন অন্যতম উপার্জনকারী। সাংস্কৃতিক অনুষ্ঠান করে উপার্জিত অর্থেই চলত সংসার। প্রতিবেশীদের কথায়, দারিদ্র্যের সঙ্গে লড়াই করে নিজ প্রচেষ্টায় পরিবারকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনি এবং নতুন বাড়ি নির্মাণের কাজও শুরু করেছিলেন। কিন্তু আকস্মিক এই দুর্ঘটনায় ভেঙে চুরমার হয়ে গেল সব স্বপ্ন। বিহুর আনন্দঘন মুহূর্তে গোটা এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের আবহ।



