চলছে তামিলনাডুতে ভোটগ্রহণ

Spread the news

২৩ এপ্রিল : তামিলনাডুতেও বিধানসভা নির্বাচন চলছে। দক্ষিণের এই রাজ্যে মোট ২৩৪ আসনে এক দফাতেই ভোট রয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকেই কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহণ। সে রাজ্যের বিভিন্ন প্রান্তে সকাল থেকেই বুথের সামনে ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা গিয়েছে। গণতান্ত্রিক উৎসবে শামিল হতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে।

তামিলনাডুতে এবারের নির্বাচনে মূল লড়াই শাসকদল ডিএমকে (DMK) এবং প্রধান বিরোধী দল এডিএমকে-র (AIADMK) মধ্যে হলেও নজর কেড়েছে নতুন সমীকরণ। অভিনেতা থেকে রাজনীতিক হওয়া থলপতি বিজয়ের (Thalapathy Vijay) দল ‘তামিলাগা ভেটরি কাঝাগাম’ বা টিভিকে (TVK) এবং সিমান নেতৃত্বাধীন এনটিকে (NTK) কোমর বেঁধে ময়দানে নেমেছে। ফলে প্রথাগত দুই দ্রাবিড় দলের লড়াইয়ে এই দুই শক্তি কতটা প্রভাব ফেলে, সেটাই এখন দেখার। তামিলনাডুর বিধানসভা নির্বাচনে জয়ললিতার দল এডিএমকে-র সঙ্গে জোট বেঁধে লড়ছে বিজেপি।

নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, এবারের নির্বাচনে তামিলনাডুতে মোট ৫.৭৩ কোটি ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ২.৯৩ কোটি মহিলা, ২.৮৩ কোটি পুরুষ এবং ৭,৭২৮ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। মোট ৪,০২৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করতে ৩৩,১৩৩টি স্থানে মোট ৭৫,০৬৪টি পোলিং স্টেশন তৈরি করা হয়েছে।

শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে গোটা রাজ্যকে। ৩০০ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশবাহিনী (CAPF) মোতায়েন করা হয়েছে। রয়েছেন ৮৩,৮৭৫ জন রাজ্য পুলিশকর্মীও। প্রযুক্তিগত ত্রুটি এড়াতে কমিশনের তরফে ১,০৬,৪১৮টি ব্যালট ইউনিটের পাশাপাশি পর্যাপ্ত কন্ট্রোল ইউনিট ও ভিভিপ্যাট (VVPAT) রাখা হয়েছে। যেকোনও পরিস্থিতির মোকাবিলায় ২০ শতাংশ অতিরিক্ত ইভিএম এবং ৩০ শতাংশ অতিরিক্ত ভিভিপ্যাট রিজার্ভ রাখা হয়েছে বলে আধিকারিকরা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *