বরাক তরঙ্গ, ৯ এপ্রিল : যোরহাট বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী তথা অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈ বৃহস্পতিবার সকালে তাঁর মা ডলি গগৈকে সঙ্গে নিয়ে ভোটদান করেন। দেবীচরণ বরুয়া উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৫২ নম্বর ভোটকেন্দ্রে অন্যান্য ভোটারদের সঙ্গে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নির্ধারিত পদ্ধতি মেনে তিনি ভোট দেন।
ভোটদান শেষে গৌরব গগৈ বলেন, এই মুহূর্তটি তাঁর কাছে ব্যক্তিগতভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, “লোকসভা নির্বাচনের সময় শারীরিক অসুস্থতার কারণে আমার মা উপস্থিত থাকতে পারেননি। আজ তিনি আমাদের সঙ্গে ভোট দিতে এসেছেন, এতে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি।” ভোটারদের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি জানান, মানুষের মধ্যে যে উৎসাহ দেখা যাচ্ছে, তা “ভাল নেতৃত্ব এবং একটি প্রগতিশীল অসমীয়া সমাজের আদর্শের প্রতি সমর্থনের ইঙ্গিত দেয়।”
তিনি আরও বলেন, এই নির্বাচনে বৃহত্তর গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। ফলাফলের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “আজকের প্রশ্ন জনগণের আশা-আকাঙ্ক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধের উপর নির্ভর করছে। আমরা যে সমর্থন এবং সদিচ্ছা পেয়েছি, তার জন্য কৃতজ্ঞ।” রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির প্রসঙ্গে গগৈ বলেন, “মানুষের কণ্ঠস্বর আরও শক্তিশালী হয়েছে, যা একটি ইতিবাচক লক্ষণ। অসমিয়া সমাজ আত্মসম্মানকে মূল্য দেয় এবং আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে চায়।”
এর আগে ভোটকেন্দ্রে যাওয়ার পূর্বে তিনি নজির আলিতে অবস্থিত নিজের বাসভবনে প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তিনি বলেন, রাজ্যের ইতিহাস, সংস্কৃতি এবং মানুষের ভাবনা বোঝার ক্ষেত্রে পিতার উত্তরাধিকার থেকে তিনি অনুপ্রেরণা পেয়েছেন। ভোটদান শেষে ডলি গগৈও এই প্রক্রিয়ায় সন্তুষ্টি প্রকাশ করে তাঁর পুত্রের প্রতি সমর্থন জানান।



