বিলাসীপাড়ায় ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, উত্তেজনা

Spread the news

বরাক তরঙ্গ, ৯ এপ্রিল : অসম বিধানসভা নির্বাচনের আজকের ভোটগ্রহণের দিনেই ১০ নম্বর বিলাসীপাড়া কেন্দ্রর একটি ভোটকেন্দ্রে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। বিলাসীপাড়া এমই স্কুলের ভোটকেন্দ্রে দায়িত্বে থাকা এক প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে ভোটদানে অনিয়মের গুরুতর অভিযোগ তুলেছেন এক বৃদ্ধা ভোটার। অভিযুক্ত প্রিসাইডিং অফিসারের নাম খাইরুল আহমদ।

জানা গেছে, চোখে স্পষ্ট দেখতে না পাওয়া ওই বৃদ্ধা ভোটার নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে এসে প্রিসাইডিং অফিসারের সাহায্য চান। কিন্তু অভিযোগ, ওই কর্মকর্তা বৃদ্ধার পছন্দের প্রার্থীর পরিবর্তে অন্য এক প্রার্থীর প্রতীকে ভোট দিয়ে দেন। ভোটদানের পরই বৃদ্ধা বিষয়টি বুঝতে পারেন এবং ভোটকেন্দ্রের ভেতরেই হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ভোটকেন্দ্রের বাইরে জড়ো হওয়া শতাধিক উত্তেজিত মানুষ বিক্ষোভে ফেটে পড়েন। ক্ষুব্ধ জনতা প্রিসাইডিং অফিসার খাইরুল আহমদের গাড়ি ঘেরাও করে দায়িত্বে গাফিলতি ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে স্লোগান দিতে থাকেন।

পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও আধাসামরিক বাহিনী। পরে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিক, দণ্ডাধিকারী এবং পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। বর্তমানে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম লঙ্ঘনের অভিযোগে প্রশাসন বিভাগীয় তদন্ত শুরু করার আশ্বাস দিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র বিলাসীপাড়া এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *