বরাক তরঙ্গ, ৩ এপ্রিল : নির্বাচনের আবহে সোনাই বিধানসভা এলাকায় জোরদার প্রচারে নেমেছে কংগ্রেস। দলীয় প্রার্থী আমিনুল হক লস্করের সমর্থনে একাধিক জনসভায় বক্তব্য রাখতে এসে বিজেপি ও এজিপিকে কড়া ভাষায় আক্রমণ শানালেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সম্পাদক আব্দুল বাচিত চৌধুরী।
সোনাইয়ের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত সভাগুলিতে তিনি বলেন, “মুসলিম সমাজের মধ্যে যদি ইমান ও আত্মসম্মান বজায় থাকে, তবে একটি ভোটও এজিপিকে দেওয়া উচিত নয়।” তাঁর দাবি, স্বাধীনতার পর থেকে কংগ্রেস দলই দেশের এবং রাজ্যের মুসলমানদের যথাযোগ্য মর্যাদা দিয়েছে। তিনি উল্লেখ করেন, ফখরুদ্দিন আলি আহমদকে রাষ্ট্রপতি, মওলানা আবুল কালাম আজাদকে শিক্ষামন্ত্রী, অসমে সৈয়দ সাদুল্লাকে রাজ্যপাল এবং সৈয়দা আনোয়ারা তাইমুরকে মুখ্যমন্ত্রী করার মতো গুরুত্বপূর্ণ পদে বসিয়েছে কংগ্রেস।
অন্যদিকে বিজেপি সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, দেশে ধর্মীয় মেরুকরণের রাজনীতি ক্রমশ বাড়ছে। “সবকা সাথ, সবকা বিকাশের কথা বলা হলেও বাস্তবে বিভাজনের রাজনীতি চলছে,”—বলেন তিনি। তাঁর অভিযোগ, সংখ্যালঘুদের উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে এবং অসমেও একই পরিস্থিতি বিরাজ করছে।
সভায় তিনি আরও বলেন, বিজেপির সহযোগী দল হিসেবে এজিপি কাজ করছে এবং সোনাইয়ের এজিপি প্রার্থী ব্যক্তিস্বার্থে মুসলমানদের বিভ্রান্ত করছেন। তাই সংখ্যালঘু ভোটারদের কংগ্রেস প্রার্থীর পাশে থাকার আহ্বান জানান তিনি।
কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্করও দক্ষিণ সৈদপুর, নগদীরগ্রাম, কাবুগঞ্জ ও শিলতুবি সহ একাধিক এলাকায় প্রচার চালিয়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের স্বার্থে কংগ্রেসকে সমর্থন করার আহ্বান জানান।



