হাইলাকান্দিতে নির্বাচনী মাসকট ‘ঢোলু’ উন্মোচন

Spread the news

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ২৯ মার্চ : রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাইলাকান্দি জেলা প্রশাসন তাদের সরকারি মাসকট ‘ঢোলু’ উন্মোচন করেছে। রবিবার জেলা আয়ুক্তের কনফারেন্স হলে আনুষ্ঠানিক ভাবে ঢোলুর উন্মোচন করেন জেলা আয়ুক্ত অভিষেক জৈন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ঢোলু’ হাইলাকান্দির সাধারণ মানুষের প্রতীক হিসেবে উপস্থাপিত হয়েছে। একই সঙ্গে এটি জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ভৌগোলিক বৈশিষ্ট্য ধলেশ্বরী নদী থেকে অনুপ্রাণিত। মাসকটের নাম ‘ঢোলু’ রাখা হয়েছে ‘ধলেশ্বরী’ নামের সঙ্গে সামঞ্জস্য রেখে, যা জেলার সাংস্কৃতিক ও পরিবেশগত পরিচয়কে তুলে ধরে।জেলা প্রশাসনের সিস্টেম্যাটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেক্টোরাল পার্টিসিপেশন সেলের পক্ষে অ্যাসিস্টেন্ট কমিশনার অংকিতা ছেত্রী জানান, রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে  বিশেষ মস্কট ‘ঢোলু’-র উদ্বোধন করা হয়েছে।

তিনি বলেন, ঢোলু’ নামের এই মস্কটটি বরাক উপত্যকার একটি দেশীয় হাঁস (ডাক) প্রজাতিকে প্রতীক হিসেবে তুলে ধরেছে, যা হাইলাকান্দি, করিমগঞ্জ ও কাছাড় জেলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। স্থানীয় সংস্কৃতি ও প্রকৃতির সঙ্গে সাযুজ্য রেখে তৈরি এই মস্কটটির মাধ্যমে ভোটারদের মধ্যে সহজ ও আকর্ষণীয় উপায়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। ঢোলু’ ধলেশ্বরী নদীর জলের সঙ্গে একাত্ম হয়ে মানুষের কাছে পৌঁছে দেবে ভোটাধিকার প্রয়োগের গুরুত্বের বার্তা। “আমার অধিকার, আমার ভোট”—এই মূল স্লোগানকে সামনে রেখে মস্কটটি জেলার বিভিন্ন প্রান্তে প্রচার কার্যক্রমে অংশ নেবে এবং মানুষকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগে উৎসাহিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *