দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৬ মার্চ : ‘কংগ্রেস মুসলমানদের দল’—কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহার এই মন্তব্যকে কেন্দ্র করে ধলাইয়ের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মন্তব্য ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক এবং দেখা দিয়েছে প্রবল প্রতিক্রিয়াও।
এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন নরসিংহপুর ব্লক কংগ্রেস সভাপতি রাজন পালিত। তিনি বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিজেপিকে ভোট দেন না—এই ধরনের মন্তব্য করে সমাজে বিভাজন তৈরির চেষ্টা করছেন রূপম সাহা। রাজন পালিত আরও বলেন, “যদি সত্যিই বিজেপি মনে করে যে তারা সংখ্যালঘুদের সমর্থন পায় না, তাহলে আগে বিজেপির সংখ্যালঘু মোর্চার কমিটিগুলো বাতিল করে দেখাক। অন্যথায় সংখ্যালঘুদের নিয়ে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত।”
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে এবং বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা তুঙ্গে উঠেছে।



