বরাক তরঙ্গ, ২৫ মার্চ : পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতির প্রতি ভালোবাসা গড়ে তুলতে হাইলাকান্দি জেলার আয়নাখাল ফরেস্ট এলাকায় অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী প্রকৃতি শিবির। ভারত সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিভাগের সহযোগিতায় এবং আসাম বিজ্ঞান প্রযুক্তিবিদ্যা ও পরিবেশ পরিষদের ব্যবস্থাপনায় আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্র, লালা শাখার উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয়। গতকাল মনাছড়া হায়ার সেকেন্ডারি স্কুলে শিবিরের সূচনা হয়। মনোরম প্রাকৃতিক পরিবেশে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাইলাকান্দি এসএস কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক ড. দেবাশিস গুহ ঠাকুরতা। তিনি তাঁর বক্তব্যে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং প্রকৃতির ভারসাম্য বজায় রাখার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি জল পরীক্ষার বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে শিক্ষার্থীদের হাতে-কলমে পানীয় জল পরীক্ষা করার পদ্ধতিও প্রদর্শন করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইলাকান্দি বিজ্ঞান মন্দিরের আধিকারিক তথা আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের জেলা নোডাল অফিসার বাহারুল ইসলাম লস্কর এবং সিআরসিসি মনোজ পাণ্ডে। তাঁরা শিক্ষার্থীদের পরিবেশবান্ধব জীবনযাপন গড়ে তোলার আহ্বান জানান।
শিবিরটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের জেলা সমন্বয়ক লুৎফুর রহমান বড়ভূইয়া এবং ব্লক কো-অর্ডিনেটর জিয়া উদ্দিন বড়ভূইয়া। তাঁদের তত্ত্বাবধানে বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম, আলোচনা সভা, লিফ প্রিন্টিং, গাছের ছালের প্রিন্টিং, একবীজপত্রী ও দ্বীবীজপত্রী উদ্ভিদ সনাক্তকরণ এবং প্রকৃতি পর্যবেক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শিবিরের শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে শংসাপত্র এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়, যা তাঁদের মধ্যে উৎসাহ ও অনুপ্রেরণা জোগায়। সমগ্র অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও শিক্ষণীয়, যা শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ রক্ষার বিষয়ে নতুন সচেতনতা সৃষ্টি করতে সক্ষম হয়েছে।



