কাবুগঞ্জ-কচুদরম সড়কে ভয়াবহ দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক

Spread the news

বরাক তরঙ্গ, ২২ মার্চ : কাবুগঞ্জ-কচুদরম পূর্ত সড়কের সোনাই এলাকার নগদীরগ্রাম ৪র্থ খণ্ডে হাতিখাল সেতুর সংলগ্ন এলাকায় রবিবার সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এমজেড ০১এল ৯৫১১ নম্বরের একটি মারুতি অল্টো ৮০০ গাড়ি বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির যানবাহনের ধাক্কা এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। দুর্ঘটনাটি গুরুতর হলেও সৌভাগ্যবশত চালক প্রাণে বেঁচে যান। তিনি সামান্য আহত হন এবং স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়।

দুর্ঘটনার পর পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে উপস্থিত এক স্থানীয় যুবক মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। এ সময় চালক ভুলবশত মনে করেন, তাঁর ভিডিও ধারণ করা হচ্ছে। এই নিয়ে “ভিডিও কেন করছো?” অভিযোগ তুলে তিনি ক্ষুব্ধ হয়ে ওই যুবকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এবং ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। ফলে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

খবর পেয়ে সোনাই থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। পরে পুলিশ নগদীরগ্রাম ১ম খণ্ড এলাকা থেকে গাড়িটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

স্থানীয়দের দাবি, দুর্ঘটনার পরপরই চালকের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে দ্রুত গাড়িটি সরিয়ে নিয়ে যান। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এই গ্রামীণ সড়কে বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করছে, যার ফলে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।

ঘটনার পর স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ, সড়ক নিরাপত্তা জোরদার এবং নজরদারি বৃদ্ধির দাবি জানিয়েছেন।চালকের দাবি, সামনের দিক থেকে আসা দ্রুতগতির একটি যানবাহনের ধাক্কা এড়াতে গিয়েই তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারান। ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *