নতুন করে ইজরায়েলি হামলায় গাজায় একদিনেই নিহত ৩২

১ ফেব্রুয়ারি : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইজরায়েলি বাহিনীর নতুন করে হামলায় একদিনেই অন্তত ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার  ভোর থেকে গাজার বিভিন্ন এলাকায় দখলদার সেনারা একের পর এক হামলা শুরু করে। এর আগের রাতেও গাজায় বিমান ও গোলাবর্ষণের ঘটনা ঘটে বলে জানানো হয়েছে।

গাজার সিভিল ডিফেন্স এজেন্সির তথ্য অনুযায়ী, শনিবার ভোর থেকে রাত পর্যন্ত সময়ের মধ্যেই প্রাণ হারান ৩২ জন ফিলিস্তিনি। প্রথমদিকে সংস্থাটি নিহতের সংখ্যা ২৮ বলে জানালেও পরে নতুন তথ্যের ভিত্তিতে মৃতের সংখ্যা বাড়িয়ে ৩২ করা হয়।

ইজরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, শুক্রবার রাফাহ এলাকায় হামাসের আটজন যোদ্ধা অস্ত্রসহ একটি সুড়ঙ্গ থেকে বের হয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তাদের ভাষ্য অনুযায়ী, এর জবাব হিসেবেই শনিবার হামাস ও ইসলামিক জিহাদের যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

এদিন গাজা সিটির শেখ রেদওয়ান এলাকায় অবস্থিত গাজা পুলিশের সদরদপ্তরেও হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলার পরই নিহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, শুধু এই হামলাতেই অন্তত ১৬ জন নিহত হন, যাদের মধ্যে পুলিশ সদস্য এবং আটক বন্দি—উভয়ই রয়েছেন।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পুলিশের সদরদপ্তরে চালানো ওই হামলায় পাঁচজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত কর্মকর্তাদের মধ্যে একজন কর্নেল, দুইজন মেজর এবং দুইজন লেফটেন্যান্ট পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। বাকি নিহতরা বেসামরিক নাগরিক বলে জানানো হয়েছে।

এছাড়া একই হামলায় আরও অন্তত ১৫ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। চলমান এই হামলা ও হতাহতের ঘটনায় গাজাজুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, এবং মানবিক পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে উঠছে বলে সতর্ক করছেন স্থানীয় কর্তৃপক্ষ ও মানবাধিকারকর্মীরা। তথ্যসূত্র : টাইমস অব ইসরায়েল, খবর : দৈনিক ইনকিলাব পত্রিকা ডিজিটাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *