শিলচরে ২.১০ কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত, গ্রেফতার মহিলা সহ ৩

Spread the news

বরাক তরঙ্গ, ৪ এপ্রিল : শিলচরে  মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল। বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করল আসাম রাইফেলস এবং কাছাড় পুলিশের যৌথ বাহিনী। গোপন তথ্যের ভিত্তিতে মেহেরপুর অঞ্চলে সফল অভিযানটি চালানো হয় শ্রীকোণা এলাকার ব্যাটালিয়নের নেতৃত্বে । অভিযান চলাকালীন সন্দেহজনক একটি গাড়ির গতিবিধি নজরে আসে। নিরাপত্তা বাহিনী গাড়িটিকে থামানোর চেষ্টা করলে সেটি পালানোর চেষ্টা করে। এরপর স্বল্প সময়ের ধাওয়া চালিয়ে গাড়িটিকে আটক করা হয়। দ্রুত পদক্ষেপের ফলে গাড়ি থেকে মোট ৩০টি সাবান কেসে রাখা প্রায় ৩৪৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ১০ লক্ষ টাকা।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। ধৃতরা হল অপু সাহা (সিপাহিজলা, ত্রিপুরা), পরিমল দাস (পশ্চিম ত্রিপুরা) এবং মঞ্জুরানি বিশ্বাস দত্ত (পশ্চিম ত্রিপুরা)। উদ্ধার হওয়া মাদকদ্রব্যসহ আটক ব্যক্তিদের পরবর্তী তদন্তের জন্য কাছাড় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এই অভিযানকে রাজ্যে মাদকবিরোধী লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *