শিলচর-আইজল জাতীয় সড়কে দুর্ঘটনা, গুরুতর আহত ২

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ মার্চ : শিলচর-আইজল জাতীয় সড়কের রাজঘাট এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দু’জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৭টা নাগাদ রাজঘাট মাদ্রাসার সামনে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যায় ভাগাবাজার দিক থেকে লায়লাপুরের অভিমুখে একটি স্কুটি আসছিল। রাজঘাট মাদ্রাসার সামনে পৌঁছালে স্কুটিটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার পাশে থাকা এক পথচারীকে সজোরে ধাক্কা মারে। ধাক্কা দেওয়ার পর স্কুটিটি নিয়ন্ত্রণহীন অবস্থায় সড়কের পাশে  নির্মীয়মাণ দেওয়ালে গিয়ে আছড়ে পড়ে। এতে স্কুটি চালক এবং পথচারী উভয়েই মারাত্মক আঘাত পান।

দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা রক্তাক্ত অবস্থায় দু’জনকে উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের  আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য দু’জনকেই দ্রুত শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

দুর্ঘটনার খবরে  পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্থ স্কুটিটি উদ্ধার করে হেফাজতে নিয়ে যায়। খবর প্রকাশ পর্যন্ত দুর্ঘটনায় আহত দু’জনের সঠিক পরিচয় পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *