বরাক তরঙ্গ, ৯ মার্চ : গুয়াহাটিতে দিসপুর পুলিশ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ছাপা প্রায় ১০ লক্ষ লিফলেট বাজেয়াপ্ত করেছে। গুয়াহাটি মহানগরের রুক্মিণীগাঁও এলাকা থেকে বিপুল পরিমাণ এই লিফলেট উদ্ধার করার পাশাপাশি চারজন ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন রেকিবুল হক, জয়নাল আবেদিন, অক্ষয় কুমার বরদলৈ এবং প্রাণজিৎ পাঠক। জিজ্ঞাসাবাদের পর তাদের তিন দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এ বিষয়ে ডি সি পি তাবুরাম পেগু জানান, “গতরাত প্রায় ১২টা ৩০ মিনিট থেকে ১টার মধ্যে রুক্মিণীগাঁওয়ের একটি হাউজিং সোসাইটিতে একটি ট্রাক ঢোকা নিয়ে বিতর্কের খবর পাই। সঙ্গে সঙ্গে পুলিশ দল সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাড়িটি তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে প্রায় ১০ লক্ষ লিফলেট উদ্ধার করা হয়। লিফলেটগুলিতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছিল। এগুলো বিতরণের উদ্দেশ্যে সেখানে মজুত রাখা হয়েছিল। নির্বাচনকে ঘিরে সময়টি স্পর্শকাতর হওয়ায় ১৩৫/২৬ নম্বর মামলায় একটি মামলা দায়ের করা হয়েছে। চারজনকে আটক করা হয়েছে এবং তদন্ত চলছে। তদন্তে জানা যাবে কোথায় এই লিফলেট ছাপা হয়েছে, কে অর্থ দিয়েছে এবং কোথায় বিতরণের পরিকল্পনা ছিল।”
অন্যদিকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ছাপা লিফলেট জব্দ হওয়ার পর সোমবার দিসপুর থানায় উপস্থিত হন কংগ্রেস নেত্রী মীরা বরঠাকুর। তিনি সংবাদমাধ্যমকে বলেন, “প্রিয়ঙ্কা গান্ধীর অসম সফরের সময় হিমন্ত সরকারের বিরুদ্ধে ১০টি অভিযোগ তুলে একটি চার্জশিট প্রকাশ করা হয়েছিল। সংবাদ সম্মেলনের মাধ্যমে অসম প্রদেশ কংগ্রেস এই চার্জশিট প্রকাশ করেছিল। আমাদের চারজন কর্মী সেই চার্জশিট ছাপিয়ে গুয়াহাটিতে নিয়ে আসার সময় পুলিশ তা বাজেয়াপ্ত করেছে। জনমত গঠনের উদ্দেশ্যে মানুষের মধ্যে বিলি করার জন্য এই লিফলেট আনা হয়েছিল।”
তিনি আরও বলেন, “সরকার জনকল্যাণের বিরুদ্ধে কাজ করছে—এ কথা জনগণকে জানানো বিরোধী দলের দায়িত্ব। আমরা যে বিষয়গুলো সামনে এনেছি তা যেন মানুষের ঘরে ঘরে না পৌঁছায়, সেই আশঙ্কাতেই সরকার সব লিফলেট বাজেয়াপ্ত করেছে।”

অসম প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী আরও বলেন, “এখনও নির্বাচন সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি। এর মধ্যে যদি কোনও ভুল থাকে বা কোথা থেকে এটি প্রকাশিত হয়েছে, তা নির্বাচন কমিশনই বলবে। পুলিশ এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না। সরকারের কুকীর্তি মানুষের কাছে পৌঁছে দিতে কংগ্রেসের উদ্যোগকে ভয় পেয়েই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।” ছবি সৌজন্যে etv assam



