জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ , ১৬ সেপ্টেম্বর: হাইলাকান্দির জেলা ম্যাজিস্ট্রেট জেলার হাসপাতালগুলোর রোগীদের গোপনীয়তা রক্ষা এবং হাসপাতালে নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতালগুলোতে অনুমতি ছাড়া যেকোনও ধরনের রেকর্ডিংয়ের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছেন। জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ২০২৩’-এর ১৬৩ ধারার অধীনে এই আদেশ জারি করা হয়। সরকারি হাসপাতালের আইসিইউ (ICU), এইচডিইউ (HDU), জরুরি চিকিৎসা বিভাগ এবং অন্যান্য সংরক্ষিত রোগীসেবা এলাকায় সাধারণ জনগণ ও রোগীদের সহকারীদের অনধিকৃত ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, অডিও রেকর্ডিং এবং লাইভ স্ট্রিম করার কারণে চিকিৎসাসেবা ব্যাহত হওয়া, সংবিধানের ২১ অনুচ্ছেদের অধীনে রোগীদের গোপনীয়তা ও সম্মান ক্ষুণ্ন হওয়া, সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যাহত হওয়া এবং নিরাপত্তা ঝুঁকি তৈরির বিষয়টি নজরে আসার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নতুন নির্দেশিকা অনুযায়ী, আইসিইউ, এইচডিইউ, জরুরি চিকিৎসা বিভাগ, অপারেশন থিয়েটার, লেবার রুম এবং অন্যান্য সংরক্ষিত রোগীসেবা এলাকার ভেতরে যেকোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে ছবি তোলা, ভিডিও করা, অডিও রেকর্ড করা বা লাইভ স্ট্রিম করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। এই সমস্ত সংরক্ষিত এলাকায় প্রবেশ শুধুমাত্র অনুমোদিত স্বাস্থ্যকর্মী এবং সংশ্লিষ্ট হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে স্পষ্ট অনুমতিপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। হাসপাতাল কর্তৃপক্ষকে প্রবেশপথ নিয়ন্ত্রণ করে এবং স্পষ্ট সাইনবোর্ড প্রদর্শন করে অবিলম্বে এই নির্দেশ মেনে চলা নিশ্চিত করতে বলা হয়েছে। তবে সরকারি চিকিৎসা সংক্রান্ত নথি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত কিংবা উপযুক্ত কর্তৃপক্ষের লিখিত অনুমতিপ্রাপ্ত রেকর্ডিংয়ের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। এই নির্দেশ লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তির বিরুদ্ধে ‘ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩’-এর ২২৩ ধারা এবং আইনের অন্যান্য প্রাসঙ্গিক বিধানের অধীনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।



