সাংসদ কণাদ পুরকায়স্থের মতো বাকি জনপ্রতিনিধিদের সরব হবার আহ্বান বিডিএফের

বরাক তরঙ্গ, ৬ ফেব্রুয়ারি : সম্প্রতি সংসদে বরাকে রেল ডিভিশন স্থাপনের দাবিতে বক্তব্য রেখেছেন সাংসদ কণাদ পুরকায়স্থ‌‌‌। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে পাশাপাশি বাকি জনপ্রতিনিধিদের এই ব্যাপারে সোচ্চার হবার আহ্বান জানাল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। শুক্রবার এক প্রেস বার্তায় বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় এই আহ্বান রেখে বলেন, বরাক উপত্যকা একটি প্রান্তীয় অবহেলিত অঞ্চল। দেশের সামগ্রিক বিকাশের নিরিখে এই অঞ্চল প্রচুর পিছিয়ে রয়েছে। তাই এখনকার জনপ্রতিনিধিদের অন্যতম দায়িত্ব এই অঞ্চলের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে উপযুক্ত মঞ্চে সোচ্চার হয়ে দাবি আদায় করা। কিন্তু দীর্ঘদিন ধরে বরাকের জনপ্রতিনিধিরা এই ভূমিকা পালনে ব্যর্থ। এবং তাই এই অঞ্চলের উন্নয়নেও কোন উল্লেখযোগ্য অগ্রগতি নেই। প্রদীপ দত্তরায় বলেন, সাংসদ হবার পর থেকে কনাদ পুরকায়স্থ‌‌‌ এই ব্যাপারে পদক্ষেপ নিচ্ছেন। তিনি এর আগে ‘ভাষা শহিদ স্টেশন’এর দাবি রাজ্যসভায় পেশ করেছেন। সম্প্রতি বরাকে রেল ডিভিশনের দাবিতে সরব হয়েছেন। তাঁর এই উদ্যোগকে অবশ্যই স্বাগত জানাচ্ছে বিডিএফ। তিনি বলেন যে কণাদ পুরকায়স্থ অবহেলিত এই উপত্যকার যোগ্য প্রতিনিধিত্বের ক্ষেত্রে নিজেকে প্রমাণ করছেন এবং আমাদের আশা জাগাচ্ছেন। তিনি  বলেন যে বরাকের স্বার্থে যারাই কাজ করবেন তাঁদের পাশে রয়েছে এবং থাকবে বিডিএফ। তিনি পুরকায়স্থের রাজনৈতিক সাফল্য কামনা করেছেন।

বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন, বরাকের বাকি দুই সাংসদ এই ব্যাপারে কেন নীরব তা তাঁদের বোধগম্য নয়। তিনি বলেন এটি ভোট দাতাদের প্রতি অন্যায় এবং তাদের অপদার্থতার নজির। তিনি বলেন যে তাঁরা আবারও তাঁদের বরাক উপত্যকার জ্বলন্ত সমস্যা গুলি সদনে উপস্থাপন করে সমাধানে সচেষ্ট হওয়ার আহ্বান জানাচ্ছেন।

বিডিএফ আহ্বায়ক হৃষীকেশ দে বলেন,  রাজ্য বিধানসভায়ও বরাকের ব্যাপারে কাউকে কথা বলতে শোনা যায় না। একটা সময়ে কমলাক্ষ দে পুরকায়স্থ সরব থাকতেন কিন্তু রাজনৈতিক অবস্থান পরিবর্তনের পর থেকে তিনিও নীরব। যদিও ইদানিং বরাকে অরুণোদয় প্রকল্পের দুর্নীতি নিয়ে তাকে সরব হতে দেখা গেছে।

হৃষীকেশ বলেন দলীয় আনুগত্য এবং উপরমহলের রোষানলে পড়ার ভয় থেকেই বরাকের জনপ্রতিনিধিরা নীরব ভূমিকা পালন করেন বলে জনমনে সন্দেহ রয়েছে। তিনি বলেন, একসময় বরাকের দাবি নিয়ে বরাকের জনপ্রতিনিধিরা দল নির্বিশেষে একজোট হতেন, কিন্তু বহু দশক ধরে সেই দৃশ্য দেখা যায় না। তিনি বলেন এটি না হলে বরাকের প্রার্থিত উন্নয়ন সবসময়ই অধরা থেকে যাবে। বিডিএফ এর পক্ষ থেকে আহ্বায়ক দেবায়ন দেব এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *