বরাক তরঙ্গ, ১১ ফেব্রুয়ারি : লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ, কাছাড় জেলার বড়খলা বিধানসভা এলাকার অন্তর্গত ডলু উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে একটি ‘মেরিট টেস্ট কনটেস্ট’ আয়োজন করে। প্রায় ২০০ জন অষ্টম ও নবম শ্রেণির ছাত্রছাত্রী অত্যন্ত উৎসাহের সঙ্গে এতে অংশগ্রহণ করে। প্রতিযোগিতাটি ইয়োথস এগেইনস্ট সোসিয়াল ইভিলস (ইয়াসি)-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ এই প্রকল্পকে সফল করে তুলতে সর্বতোভাবে সহযোগিতা করেন।

বিদ্যালয়ের অধ্যক্ষ পাণ্ডু নাথ বর্মন, জেলার প্রত্যন্ত অঞ্চলে, এমন একটি উদ্যোগ গ্রহণের জন্য ক্লাব ভ্যালি ভিউ-কে ধন্যবাদ জানান। ক্লাব ভ্যালি ভিউ-এর গাইডিং লায়ন সঞ্জীব রায় জানান, আগামী দিনে জেলার বিভিন্ন স্থানে ধাপে ধাপে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা হবে। তিনি বলেন, পাঠ্যসূচির বাইরের জ্ঞানও শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ক্লাব এই ধরনের প্রকল্প হাতে নিয়েছে।অন্যান্য উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন পান্না আহমেদ চৌধুরী, নজিবুল কালাম বড়ভূইয়া, কপিল চৌধুরী, অনিলকুমার সিনহা, প্রিয়াঙ্কা বিশ্বাস, মেঘা রায়, পরীক্ষিতা মালাকার, বিশ্বজিৎ দেব, শঙ্কর চক্রবর্তী, দেবব্রত দাস, সুরজিৎ কর্মকার প্রমুখ।
ইয়াসি-এর পক্ষ থেকে সাহাব উদ্দিন আহমেদ, অমিত গোয়ালা এবং সঞ্জু নুনিয়া উপস্থিত ছিলেন। ফলাফল ঘোষণা এবং বিজয়ীদের পুরস্কার ও সনদপত্র আগামী ২০ ফেব্রুয়ারি বিদ্যালয় প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রদান করা হবে।



