মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৫ মার্চ : সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে আরও সমৃদ্ধ করে তোলার লক্ষ্যে শ্রীভূমিতে বিশ্ব কবিতা দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য সাহিত্য-সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘রবিবারের সাহিত্য আড্ডা’, শ্রীভূমির উদ্যোগে আগামী ২২ মার্চ, রবিবার সকাল ১০টায় মিশন রোডস্থিত বিপিন চন্দ্র পাল স্মৃতি ভবনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কবিতা ও সংস্কৃতির চর্চাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সাহিত্যপ্রেমী মানুষদের একত্রিত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতি ও অতিথিদের অভ্যর্থনা, প্রদীপ প্রজ্বলন এবং উদ্বোধনী সংগীতের মাধ্যমে কার্যক্রমের সূচনা হবে। এরপর থাকবে স্বাগত বক্তব্য, কবিতা কোলাজ এবং “শতবর্ষের আলোকে কবি সুকান্ত” শীর্ষক বিশেষ আলোচনা। এই আলোচনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক বরুণ চক্রবর্তী।
অনুষ্ঠানে একাধিক গ্রন্থের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচনও করা হবে। এর মধ্যে রয়েছে সাহিত্য পত্রিকা ‘স্বরিত’-এর অষ্টাদশ সংখ্যার মোড়ক উন্মোচন, যা করবেন কবি আরণ্যক বসু। চান্দ্রেয়ী দেবের কাব্যগ্রন্থ উন্মোচন করবেন বরুণ চক্রবর্তী। ড. গীতা সাহার কাব্যগ্রন্থ উন্মোচন করবেন কবি পার্থ বসু। রঞ্জিতা চক্রবর্তীর কাব্যগ্রন্থ উন্মোচন করবেন কবি মীনাক্ষী চক্রবর্তী এবং কবি ও বাচিক শিল্পী দেবলীনা সেনগুপ্ত। অন্যদিকে সুমি দাসের কাব্যগ্রন্থ উন্মোচন করবেন কবি অভীক কুমার দে।
অনুষ্ঠানে বিভিন্ন বিশিষ্ট কবি, সাহিত্যিক ও শিল্পীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হবে। সম্মাননা প্রাপকদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের কবি ও প্রাবন্ধিক বরুণ চক্রবর্তী, কবি আরণ্যক বসু, ত্রিপুরার কবি অভীককুমার দে, গুয়াহাটির কবি মীনাক্ষী চক্রবর্তী, কবি ও বাচিক শিল্পী দেবলীনা সেনগুপ্ত, শিলচরের কবি শতদল আচার্য, হাইলাকান্দির কবি শঙ্করী চক্রবর্তী এবং শ্রীভূমির প্রাবন্ধিক সন্তোষ কুমার দত্ত। এ ছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুম্বাইয়ের কবি সুমন্ত বন্দ্যোপাধ্যায়, আশুতোষ দাস এবং কবি-প্রাবন্ধিক মন্টু দাসসহ আরও অনেকে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হবে কবিতা পাঠের আসর এবং মধ্যাহ্নভোজের আয়োজন। তৃতীয় পর্বে থাকবে সঙ্গীত, নৃত্য ও কবিতা পাঠের মনোজ্ঞ পরিবেশনা।
সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করবেন ড. মাধব ঘোষ। ধন্যবাদ জ্ঞাপন করবেন গৌতম চৌধুরী। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সাহিত্যপ্রেমী মানুষের সক্রিয় অংশগ্রহণে এই আয়োজন সার্থক ও সফল হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানের উদ্যোক্তা নারায়ণ মোদক ও গৌতম চৌধুরী।



