বিশেষ প্রতিবেদক, মরিগাঁও।
বরাক তরঙ্গ, ৫ এপ্রিল : মরিগাঁও জেলার লাহরিঘাট বিধানসভা কেন্দ্রে এজেপির দলের প্রার্থীর হয়ে ব্যাপক নির্বাচনী প্রচার করেন মন্ত্রী পীযূষ হাজরিকা। রবিবার তিনসুকীয়া রাজীব গান্ধী খেলার মাঠে ভোটারদের উদ্দেশ্য মন্ত্রী পীযূষ হাজরিকা আক্ষেপ প্রকাশ করে বলেন, লাহরিঘাটের রাস্তাঘাট, নদী বাঁধ নির্মাণ, নদী ভাঙনের স্থায়ী প্রতিরোধ-সহ সব ধরনের উন্নয়নমূলক কাজ করে বিজেপি সরকার। তবে নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করে কংগ্রেসকে। তবুও লাহরিঘাটের উন্নয়নের ক্ষেত্রে বিজেপি সরকার কোনো বাধা দেয়নি। তার জন্য এইবার লাহরিঘাট কেন্দ্রের দ্রুত উন্নয়নের স্বার্থে এজেপি দলের প্রার্থী খলিলুর রহমানকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান রাখেন মন্ত্রী পীযূষ হাজরিকা।
উল্লেখ্য, কংগ্রেসের দুর্গ হিসেবে পরিচিত লাহরিঘাট বিধানসভা কেন্দ্রটিতে বিজেপি দলের নিজস্ব প্রার্থী দেওয়ার উদ্যোগ নিয়েছিল। তবে মুখ্যমন্ত্রী ড০ হিমন্ত বিশ্ব শর্মা শুরু করা ধর্মীয় মেরুকরণের রাজনীতি, মিঞা ইসু দিয়ে নির্বাচনী বৈতরণী পার করার যে অঙ্ক, সেই অঙ্কে ওলটপালট হয়ে যাওয়ার আশঙ্কা করে রাতারাতি এজেপি-তে যোগদান করিয়ে দলীয় প্রার্থীত্ব প্রদান করানো হয় খলিলুর রহমানকে। এভাবে অন্যের কাঁধে বন্দুক রেখে শিকার করার নীতিতে দাদা ব্রিগেডের খলিলুর রহমানকে নির্বাচনী বৈতরণী পার করাতে পারবেন কি না, তা সময় বলবে।

এদিকে, হায়দরাবাদের সাংসদ আসাদ উদ্দিন ওয়েসিকে বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে অসমের নির্বাচনে নামিয়েছে বলে কংগ্রেসের খোলা অভিযোগ আছে এই বিষয়ে মন্ত্রী পীযূষ হাজরিকার প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল। এর জবাবে মন্ত্রী হাজরিকার বলেন, আসাদ উদ্দিন ওয়েসি আমাদের চিরশত্রু। ওয়েসি শুধু আমাদেরই গালি দিয়ে গেছে। কংগ্রেসের সঙ্গে মিলে থাকে ওয়েসি , সংসদেও একসঙ্গে ভোট দেয়। তেলেংগানায় একসঙ্গে থাকে। ওয়েসি কংগ্রেসেরই মিত্র। কংগ্রেস এখানে এক কথা বলে আর অন্য জায়গায় আরেক কথা বলে।অন্যদিকে, বদরুদ্দিন আজমলের পুত্র আব্দুর রহিম আজমল এআইইউডিএফ-কে বাদ দিয়ে কেউ অসমে সরকার করতে পারবে না বলে যে মন্তব্য করেছেন, তারও উত্তর দিয়ে মন্ত্রী হাজরিকা বলেন, তাঁরা এসব সব সময় বলে থাকে। কিন্তু কখনই তাদের সেই স্বপ্ন পূরণ হয় না। এদিকে আজকের এই সভায় বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।



