শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ৪ ফেব্রুয়ারি : সোনাই এনজি হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে ভলিবল টুর্নামেন্ট শুরু হচ্ছে। সোনাই ফুটবল অ্যাকাডেমির উদ্যোগে আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি প্রাইজ মানি ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে। এই টুর্নামেন্টটি আয়োজন করা হচ্ছে শিলচরের খোঁজ (Khoj)-এর এনজিও-র সহযোগিতায়।
এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো এলাকার তরুণ ক্রীড়া প্রতিভাকে উৎসাহিত ও বিকশিত করা। তরুণ খেলোয়াড়দের সুযোগ করে দিতে আয়োজক কমিটি বিশেষ অংশগ্রহণ বিধি নির্ধারণ করেছে। প্রতিটি দলে খেলোয়াড় সংখ্যা ছয়জনের মধ্যে সর্বোচ্চ দুইজন স্টার খেলোয়াড় থাকতে পারবেন। বাকি খেলোয়াড়দের বয়স অবশ্যই ২০ বছরের নিচে হতে হবে। সকল অংশগ্রহণকারী দলকে এই বয়স ও খেলোয়াড় সংক্রান্ত নিয়ম কঠোরভাবে মেনে চলতে হবে।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ৫,০০০ টাকা এবং রানার্স-আপ দলকে ৩,০০০ টাকা পুরস্কার হিসেবে প্রদান করা হবে। প্রতিটি দলের জন্য এন্ট্রি ফি ৫০০ টাকা নির্ধারিত হয়েছে। খেলা শুরু হবে বিকেল ৪টা থেকে। আগ্রহী দলগুলিকে নির্ধারিত সময়ের মধ্যে নাম নথিভুক্ত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। সোনাই ও পার্শ্ববর্তী এলাকার ক্রীড়াপ্রেমীদের ব্যাপক অংশগ্রহণ ও সমর্থন প্রত্যাশা করা হচ্ছে।



