বরাক তরঙ্গ, ১৭ মার্চ : বরাক উপত্যকার ঐতিহ্যবাহী পাঁচগ্রাম ঠাণ্ডাপুরস্থিত শ্রীশ্রী সিদ্ধেশ্বর শিবমন্দির কপিলাশ্রমে আজ মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে পবিত্র বারুণী স্নান ও পূজা সম্পন্ন হল। গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হল বারুণী স্নান। মঙ্গলবার ভোর থেকেই হাজার হাজার ভক্ত বরাক নদীর ঘাটে ভিড় জমিয়ে পবিত্র স্নানে অংশগ্রহণ করেন।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই দিনে পবিত্র স্নান করলে পাপ মোচন হয় এবং দেবদেবীর আশীর্বাদ লাভ করা যায়। প্রচলিত ধারণা মতে, এদিন গঙ্গার জল প্রতীকীভাবে বরাক নদীর সঙ্গে মিলিত হয়, যার ফলে এই স্নানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। ভক্তদের মতে, এই দিনে বরাক নদীতে স্নান করা গঙ্গা নদী-তে স্নানের সমতুল্য।

সকাল থেকেই ভক্তরা ভগবান শিব ও মা গঙ্গার নাম জপ করতে করতে স্নান সম্পন্ন করেন এবং পরিবারের সুখ-শান্তি ও মঙ্গল কামনায় প্রার্থনা করেন। মন্দির চত্বর ও নদীর তীরজুড়ে ছিল ভক্তদের উপচে পড়া ভিড় এবং উৎসবমুখর পরিবেশ। মন্দিরের পুরোহিতরা নিয়ম মেনে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করেন। স্নান শেষে ভক্তরা ফুল ও প্রদীপ নিবেদন করে পূজা অর্চনা করেন।

বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে জেলা প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। মন্দির চত্বর ও নদীর ঘাট এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়, যাতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়।
শান্তিপূর্ণভাবে বারুণী স্নান সম্পন্ন হওয়ায় হাইলাকান্দির মানুষের ধর্মীয় আস্থা ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন ফুটে।



