১০ মার্চ : আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্র ও ইজরাইলের সঙ্গে ইরানের চলমান সংঘাত খুব শীঘ্রই শেষ হতে পারে—মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এমন ইঙ্গিত দেওয়ার পর বৈশ্বিক বাজারে আবার স্থিতিশীলতার আভাস দেখা যাচ্ছে। সোমবার টানা নাটকীয় ২৪ ঘণ্টার পর আন্তর্জাতিক তেলের বাজারেও বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে।
এদিন আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি সর্বোচ্চ ১১৯.৫০ ডলারে পৌঁছালেও পরে দ্রুত নেমে আসে। চার বছরের মধ্যে এটিই ছিল তেলের সর্বোচ্চ মূল্য।
মূল্যবৃদ্ধির বিষয়টিকে তেমন গুরুত্ব দিতে চাননি ট্রাম্প। তিনি দাবি করেন, তেলের দাম সম্ভবত তার ধারণার তুলনায় কমই বেড়েছে। একই সঙ্গে তিনি বিনিয়োগকারীদের আশ্বস্ত করার উদ্যোগ নেন। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ–কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ইরান যুদ্ধকে ‘প্রায় পুরোপুরি, মোটামুটি সম্পন্ন’ বলে মন্তব্য করেন।
এই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম নেমে ব্যারেলপ্রতি ৯১.৫৮ ডলারে দাঁড়ায় বলে জানিয়েছে অনলাইন গার্ডিয়ান। তবে বাজারে লেনদেন বন্ধ হওয়ার পর ট্রাম্পের কিছু পরস্পরবিরোধী মন্তব্য নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে। তিনি বলেন, “আমরা অনেক দিক থেকেই জিতেছি, কিন্তু সেটাই যথেষ্ট নয়।”
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প সতর্ক করে বলেন, যদি ইরান এমন কোনো পদক্ষেপ নেয় যাতে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন ব্যাহত হয়, তবে যুক্তরাষ্ট্র তাদের ওপর এ পর্যন্ত করা হামলার চেয়ে বিশ গুণ বেশি শক্তিশালী আঘাত হানবে।



