আজ পেশ হবে কেন্দ্রীয় বাজেট

১ ফেব্রুয়ারি : আজ পেশ হবে কেন্দ্রীয় বাজেট। সকাল ১১টা থেকে বাজেট বক্তৃতা শুরু করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেটের দিন শেয়ার বাজার সকাল সওয়া ৯টা থেকে বিকাল সাড়ে ৩টে পর্যন্ত খোলা থাকবে।

ভারতের সংসদীয় ইতিহাসে এক নতুন অধ্যায় তৈরি করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবারের কেন্দ্রীয় বাজেটে ভাঙতে চলেছে ৭৫ বছরের পুরোনো এক দীর্ঘ প্রথা। সূত্রের খবর, এবারের বাজেটের ‘পার্ট বি’ বা দ্বিতীয় অংশে শুধুমাত্র কর কাঠামো বা শুল্ক পরিবর্তনের ঘোষণা নয়, বরং ভারতের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ভবিষ্যতের এক বলিষ্ঠ রোডম্যাপ তুলে ধরবেন অর্থমন্ত্রী।

প্রথা ভাঙার বাজেট দীর্ঘ সাত দশক ধরে বাজেটের প্রথম অংশে (পার্ট-এ) সরকারের নীতি ও প্রকল্পের বিস্তারিত আলোচনা থাকলেও দ্বিতীয় অংশটি মূলত কর সংক্রান্ত টেকনিক্যাল বিষয়ে সীমাবদ্ধ থাকত। তবে এবার একুশ শতকের দ্বিতীয় ত্রৈমাসিকে দাঁড়িয়ে ভারত তার বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষা পূরণে ‘পার্ট বি’-কে ঢেলে সাজাচ্ছে। স্বল্পমেয়াদী লক্ষ্যের পাশাপাশি ভারতের স্থানীয় শক্তিকে বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়ার পরিকল্পনা থাকবে এই অংশে।

নির্মলা সীতারমণের হাত ধরেই এর আগে ব্রিফকেসের বদলে লাল কাপড়ে মোড়া ‘বই-খাতা’ এবং পরবর্তীতে পূর্ণাঙ্গ ‘ডিজিটাল বাজেট’-এর সূচনা হয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে রবিবারের বাজেট এবং নজিরবিহীন কাঠামোগত পরিবর্তন। এবারের বাজেটও হবে সম্পূর্ণ কাগজবিহীন। তবে বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক প্রকল্প এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দের হার কতটা বাড়বে, তা নিয়েও সাধারণ মানুষের মধ্যে প্রবল আগ্রহ রয়েছে। টানা নবম বাজেট পেশ করে নির্মলা সীতারামন দেশের অর্থনীতিকে এক নতুন দিশা দিতে পারেন কি না, এখন সেটাই দেখার। (ফাইল ছবি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *