বরাক তরঙ্গ, ৬ জানুয়ারি : ৮৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে শিলচরে পরিবেশবান্ধব কর্মসূচির আয়োজন করল ইউকো ব্যাঙ্ক। গুরুচরণ কলেজ (জিসি কলেজ) শাখার উদ্যোগে ও গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়, বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ড. বিদ্যুৎকান্তি পাল, বিত্ত আধিকারিক ড .রণবিজয় দাস এবং শৈক্ষিক নিবন্ধক ড. অভিজিৎ নাথ। ইউকো ব্যাঙ্কের তরফে উপস্থিত ছিলেন শাখা পরিচালক দ্বিজুমণি পাটোয়ারি, সহকারী পরিচালক সুব্রতা শর্মাচার্য ও বিপ্লব পালসহ বিশ্বজিৎ নন্দী। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের বিভিন্ন স্থানে চারা রোপণ করা হয়। বক্তারা পরিবেশ সংরক্ষণে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব এবং একে স্থায়ী জীবনচর্চার অঙ্গ হিসেবে গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানগুলির গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেন।
ব্যাঙ্কের এক আধিকারিক জানান, প্রতিষ্ঠা দিবসের এই কর্মসূচি শুধু উদ্যাপনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং ব্যাঙ্ক ও শিক্ষাঙ্গনের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতাকে আরও মজবুত করেছে। একই সঙ্গে পরিবেশের প্রতি দায়িত্বশীলতা ও দীর্ঘমেয়াদি পরিবেশ সংরক্ষণের বার্তাও ছড়িয়ে দিয়েছে এই উদ্যোগ।



