মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ ৬ এপ্রিল : ভোটে মুখে মাদকবিরোধী অভিযানে আবারও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল শ্রীভূমি জেলার বদরপুর থানার পুলিশ। পুলিশের তৎপরতায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে রবিবার গভীর রাতে বদরপুর রেলস্টেশনের সামনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘ সময় নজরদারি চালানোর পর সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। সেই তল্লাশিতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট।
ধৃত দুই ব্যক্তি হল পাথারকান্দি থানা এলাকার বাসিন্দা আহমেদ হোসেন লস্কর এবং বাটইয়া এলাকার আবু হোসেন।
পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে প্রায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ১ কোটি টাকা।প্রাথমিক তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। জানা গেছে, পাচারকারীরা সায়রং ট্রেনে করে বদরপুরে আসে এবং সেখান থেকে মাদক সরবরাহের পরিকল্পনা করছিল। তবে পুলিশের তৎপরতায় তাদের সেই পরিকল্পনা ভেস্তে যায় এবং হাতেনাতে ধরা পড়ে যায় তারা।
পুলিশ আরও জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে আন্তঃজেলা মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকতে পারে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও বড় নেটওয়ার্কের সন্ধান পাওয়ার চেষ্টা চালানো হচ্ছে। এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখছে তদন্তকারী দল।
উল্লেখযোগ্য এই অভিযানে নেতৃত্ব দেন বদরপুর থানার ওসি তরঙ্গ পাটোয়ারী। তার সঙ্গে ছিলেন মালুয়া আউট পোস্টের ইনচার্জ শুভম কুমার পাল, ট্রাফিক ইনচার্জ সুজিত সিনহাসহ অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা। তাদের সমন্বিত প্রচেষ্টাতেই এই সাফল্য সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে।



