মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১২ ফেব্রুয়ারি : পাথারকান্দিতে স্কুল ছুটির পর ভয়াবহ হামলার ঘটনা ঘটল। বিলবাড়ি শ্রীকৃষ্ণ রাম হাইস্কুলের সামনে লোহার পাঞ্চ দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয় নবম শ্রেণির দুই ছাত্রকে। ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার স্কুল ছুটির ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গেই রণক্ষেত্রের চেহারা নিল পাথারকান্দির এই বিদ্যালয় চত্বর। বিলবাড়ি শ্রীকৃষ্ণ রাম হাইস্কুলের সামনে অতর্কিত হামলায় গুরুতর আহত দুই কিশোর ছাত্র, ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক।
মারপিটের ঘটনায় আহত দুই ছাত্র হল নবম শ্রেণির বিদ্যুৎ সিনহা (১৫) এবং প্রভাত সিনহা (১৫)। বিদ্যুৎ সিনহা দক্ষিণ বিলবাড়ি গ্রামের নিশিকান্ত সিনহার পুত্র এবং প্রভাত সিনহা পেকুরগ্রামের হেমাঙ্গ সিনহার পুত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুলের টিফিন সময়ে একই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র শঙ্কর বর্মা ও অষ্টম শ্রেণির ছাত্র পুরণ কর্মকারের সঙ্গে বিদ্যুৎ ও প্রভাতের সামান্য কথা কাটাকাটি হয়। অভিযোগ, সেই ঘটনার জের ধরেই শঙ্কর ও পুরণ স্কুলের বাইরে কয়েকজন যুবককে খবর দেয়। এরপর স্কুল ছুটির পর বিদ্যালয়ের গেটের সামনে কলকলিঘাট এলাকার জনার্ধন সোনারের পুত্র জয়দীপ সোনার এবং লঙ্গাই এলাকার চিরঞ্জিৎ শব্দকর নামে দুই যুবক এসে বিদ্যুৎ ও প্রভাতের উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা হাতে থাকা লোহার পাঞ্চ দিয়ে দুই ছাত্রের মাথায় আঘাত করে বলে অভিযোগ। এতে তারা গুরুতরভাবে আহত হয়।
ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ আচার্যের সঙ্গে যোগাযোগ করার পর তাঁর পরামর্শে পরিবারের পক্ষ থেকে পাথারকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরে আহত দুই ছাত্রকে পাথারকান্দি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়, যেখানে বর্তমানে তাদের চিকিৎসা চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পুরো বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত শুরু করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।



