মণিপুরে পৃথক অভিযানে দুই জঙ্গি গ্রেফতার, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও অন্যান্য সামগ্রী

Spread the news

বরাক তরঙ্গ, ৭ মার্চ : মণিপুরের বিভিন্ন এলাকায় শুক্রবার পৃথক অভিযানে দুই সন্দেহভাজন জঙ্গি সদস্যকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। এই তথ্য জানিয়েছে মণিপুর পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ইম্ফল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এনআরএফএম (NRFM)-এর এক সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। ধৃতের নাম নিংথৌজাম নিংথৌংগাম্বা মৈতেই (২৭), ওরফে মাঙ্গাং। তিনি চুড়াচাঁদপুর জেলার হিংগোল মারুপ জেনহাং লামকা এলাকার বাসিন্দা এবং বর্তমানে বিষ্ণুপুর জেলার ক্বাকতা রিলিফ ক্যাম্পে বসবাস করছিলেন।

গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি পাওয়ার ব্যাঙ্ক এবং জামাকাপড়সহ একটি ব্যাকপ্যাক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে, আরেক অভিযানে ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (পামবেই গোষ্ঠী)-এর এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তি হলেন ওয়াহেংবাম প্রেমকুমার সিংহ (৩৭), ওরফে ডেম্বা। তিনি ইম্ফল পূর্ব জেলার খুরাই সাজোর লাইরৌ পুখরি মাপাল এলাকার বাসিন্দা। তাকে পোরমপাট থানার অধীন তার নিজ বাসভবন থেকে রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়।

এই অভিযানের সময় তার সহযোগী সেনজাম রোকেন সিংহ (৪২), ওরফে রকেটকেও একই এলাকা থেকে আটক করা হয়। তার কাছ থেকে একটি ম্যাগাজিনসহ ৯ মিমি পিস্তল উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। পুলিশ আরও জানিয়েছে, ধৃতদের কাছ থেকে দু’টি মোবাইল ফোন এবং একটি আধার কার্ডও বাজেয়াপ্ত করা হয়েছে।
এদিকে রাজ্যের বিভিন্ন স্পর্শকাতর ও সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান এবং এলাকা দখল কার্যক্রম অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, পাহাড় ও উপত্যকা মিলিয়ে মণিপুরের বিভিন্ন জেলায় মোট ১১৪টি চেকপয়েন্ট স্থাপন করা হয়েছে। তবে তল্লাশি অভিযানে নতুন করে কাউকে আটক করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *