শ্রীভূমিতে দু’দিনের আন্তর্জাতিক নাট্য উৎসব শুরু

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১ ফেব্রুয়ারি : শ্রীভূমিতে আনুষ্ঠানিকভাবে শুরু হল বিশ্ববীণা আয়োজিত দু’দিনব্যাপী আন্তর্জাতিক নাট্য উৎসব। জেলা গ্রন্থাগার প্রাঙ্গণে আয়োজিত এই উৎসবের সূচনা পর্বে উপস্থিত বক্তারা নাট্যপ্রেমীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে বলেন, বিশ্ববীণার আন্তর্জাতিক নাট্য উৎসব দেখতে সারা বছর অপেক্ষায় থাকেন নাট্য অনুরাগীরা। প্রতি বছর নতুন নতুন নাটক ও দেশ-বিদেশের শিল্পীদের আগমনে শ্রীভূমি শহর পরিণত হয় এক সাংস্কৃতিক মিলনক্ষেত্রে। এই উৎসবের মাধ্যমে বিভিন্ন দেশের শিল্পীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হয় বলেও মত প্রকাশ করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, মানুষের দৈনন্দিন জীবনেই নাটকের উপাদান লুকিয়ে থাকে এবং সেই বাস্তবতাকেই নাট্যকাররা মঞ্চে তুলে ধরেন। আধুনিকতার প্রভাবে যুব সমাজকে সংস্কৃতির আবর্তে ফিরিয়ে আনতে বিশ্ববীণা যে নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে, তা প্রশংসনীয়। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সম্পাদক অরূপ রায়, জেলা বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী জ্যোতিকা দেব, জেলা কংগ্রেসের যুব নেতা সন্দীপ নন্দী, নাট্যকর্মী সায়ন বিশ্বাস, অভিজিৎ দাস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দীপঙ্কর দেব।

এদিন বরণ ডালা, শঙ্খধ্বনি ও উলুধ্বনির মাধ্যমে সম্পূর্ণ সনাতনী বাঙালিয়ানায় উৎসবের সূচনা হয়। পাশাপাশি বিশ্ববীণার শিল্পীদের পরিবেশনায় ধামাইল নৃত্য দর্শকদের মন জয় করে নেয়।।উল্লেখ্য, আন্তর্জাতিক নাট্য উৎসবের এটি সপ্তম বর্ষ। প্রতিবছরের মতো এবারও ভারতের বিভিন্ন রাজ্যের পাশাপাশি উরুগুয়ে ও অন্যান্য দেশের নাট্যদল অংশ নেওয়ার কথা থাকলেও, বর্তমান পরিস্থিতির কারণে বাংলাদেশ থেকে কোনও নাট্যদল অংশ নিতে পারেনি।

দু’দিনে মোট সাতটি নাটক মঞ্চস্থ হবে বলে জানিয়েছেন বিশ্ববীণার কর্ণধার সুরজিত দেব। প্রতিদিন বিকেল ৪টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যা ৫টা থেকে নাট্য পরিবেশনা শুরু হবে।
প্রথম দিনে মঞ্চস্থ হয় চারটি নাটক ‘রূপকথার কেলেঙ্কারি’ (নাট্যকার: বাদল সরকার), ‘নির্মাণ’ (নাট্যকার: শুভজিৎ বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা: কথাচিত্র, ধর্মনগর), ‘বাজে মাদল বাজে’ (রচনা: ইন্দ্রনীল দে, নির্দেশনা: সায়ন বিশ্বাস, প্রযোজনা: বিবর্তন থিয়েটার গ্রুপ, হাইলাকান্দি) এবং ‘মগজ মারী’ (রচনা ও নির্দেশনা: সিদ্ধার্থ ভট্টাচার্য, প্রযোজনা: সংলাপ, শ্রীভূমি)।

সোমবার বিকেল ৪টা থেকে মঞ্চস্থ হবে আরও চারটি নাটক ‘গবুর অসুখ’ (নির্দেশনা: সান্তনু পাল, প্রযোজনা: ভাবীকাল, শিলচর),
‘কুহু’ (রচনা ও নির্দেশনা: সুরজিত দেব (পম), প্রযোজনা: বিশ্ববীণা, শ্রীভূমি), ‘ত্রিকাল পাশা’ (রচনা ও নির্দেশনা: ইন্দ্রনীল দে, প্রযোজনা: রেস থিয়েটার, পয়লাপুর, কাছাড়) এবং ‘শিরুই লিলি’ (নাট্যকার: শুভব্রত চক্রবর্তী, নির্দেশনা: সুমন মজুমদার, প্রযোজনা: অভিমুখ, উদয়পুর, ত্রিপুরা)। সার্বিকভাবে, আন্তর্জাতিক কুশিয়ারা নাট্য উৎসব ঘিরে শ্রীভূমিতে তৈরি হয়েছে এক উচ্ছ্বসিত সাংস্কৃতিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *