বরাক তরঙ্গ, ১৭ ফেব্রুয়ারি : মরিগাঁও জেলার কৃষি বিভাগের উদ্যোগে নবনিযুক্ত কৃষি সম্প্রসারণ সহায়কদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির মঙ্গলবার সফলভাবে সমাপ্তি হয়। ৬ দিনব্যাপী এই কর্মসূচি জেলা কৃষি আধিকারিকের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সমাপ্তি অনুষ্ঠানে জেলা কৃষি আধিকারিক তপনকুমার ব্রহ্ম নিজের বক্তব্যে কৃষি সম্প্রসারণ কর্মীদের দায়িত্ববোধ ও ভূমিকা, তাঁদের সম্মুখীন হতে পারা চ্যালেঞ্জ এবং সেগুলির সমাধানের কৌশল সম্পর্কে অবগত করার পাশাপাশি শুভেচ্ছা জানান। এই প্রশিক্ষণের মাধ্যমে নবনিযুক্ত কৃষি সম্প্রসারণ সহায়করা আধুনিক কৃষি প্রযুক্তি এবং কৃষি বিভাগের কার্যপদ্ধতি সম্পর্কে জ্ঞান অর্জন করে কৃষকদের উন্নত সেবা প্রদান করতে পারবেন বলে আশা প্রকাশ করেন।

মোট ৬২ জন সদ্য নিযুক্তিপ্রাপ্ত কৃষি সম্প্রসারণ সহায়কের প্রশিক্ষণের উদ্দেশ্যে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে জেলার কৃষিক্ষেত্র, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের দ্বারা রূপায়িত বিভিন্ন প্রকল্প প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, কৃষক নিবন্ধন, রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা, রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা ও পুষ্টি মিশন, ডিজিটাল শস্য জরিপ, পি.এম. কিষাণ প্রকল্প সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়াও মরিগাঁও জেলার জলবায়ু, কৃষি পদ্ধতি, কৃষি সেচ, মাটির গুণাগুণ, উচ্চমূল্যের কৃষি, ভূমি স্বাস্থ্য ও তার প্রয়োজনীয়তা, জৈব কৃষি, কিষাণ ক্রেডিট কার্ড, কৃষি সম্প্রসারণ, উদ্যান শস্য প্রকল্প, প্রাকৃতিক কৃষি, সার ও কীটনাশক নিয়ন্ত্রণ, সরকারি ন্যূনতম সহায়ক মূল্যে ধান ও সরিষা ক্রয়, কৃষি ম্যাপার, ফুল চাষ মিশন, অর্কিড চাষ, কেন্দ্রীয় সরকারের দ্বারা রূপায়িত আত্মা প্রকল্প, কৃষক উৎপাদক কোম্পানি, কৃষি যন্ত্রপাতি, কৃষিক্ষেত্রের সংযুক্তিকরণ, জেলার কৃষিক্ষেত্রের ভবিষ্যৎ পরিকল্পনা ও উদ্ভাবন ইত্যাদি সব বিষয় সামগ্রিকভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হয়। প্রতিটি কর্মসূচিতে মহকুমা কৃষি আধিকারিক, সিনিয়র কৃষি উন্নয়ন আধিকারিক, কৃষি উন্নয়ন আধিকারিক, কৃষি পরিদর্শক, কৃষি উপ-পরিদর্শক, মরিগাঁও কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীদের সহ সংশ্লিষ্ট আধিকারিক ও কর্মচারীরা প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণের অংশ হিসেবে কর্মসূচির শেষ দিনে মূল্যায়নের উদ্দেশ্যে নবনিযুক্ত কৃষি সম্প্রসারণ সহায়কদের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত করার পাশাপাশি উৎকর্ষতার শংসাপত্র বিতরণ করা হয়।



