কংগ্রেসের শাসনে আজ রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্য সঙ্কটে : যোগী

Spread the news

বরাক তরঙ্গ, ৩ এপ্রিল : অসমে অনুপ্রবেশ রুখতে ও জনসংখ্যাগত পরিবর্তন প্রতিরোধে একমাত্র সক্ষম বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। শুক্রবার বরপেটায় এজিপি প্রার্থী দীপককুমার দাসের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এমনটাই বলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ক্ষমতায় থেকেও কংগ্রেস রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।

যোগী আদিত্যনাথ বলেন, “৬০ বছর ধরে কংগ্রেস অসম শাসন করেছে, কিন্তু তারা শুধু অনুপ্রবেশ, হিংসা ও অস্থিরতাকেই বাড়তে দিয়েছে। এর ফলে রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্য আজ সঙ্কটে।”
এআইইউডিএফ-কে কটাক্ষ করে তিনি আরও অভিযোগ করেন, দলটি অনুপ্রবেশকারীদের উৎসাহ দিচ্ছে এবং তাদের সমর্থনকে কাজে লাগিয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, “কংগ্রেস ও এআইইউডিএফ একসঙ্গে রাজ্যের সাংস্কৃতিক ও ঐতিহ্যগত পরিচয় দুর্বল করার ষড়যন্ত্রে লিপ্ত।”

অসমে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে এনডিএ সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এনডিএ-র শাসন মডেলের প্রশংসা করে তিনি বলেন, এই জোট একদিকে যেমন ঐতিহ্য রক্ষা করছে, তেমনি উন্নয়নেও সমান গুরুত্ব দিচ্ছে। তিনি আরও বলেন, “গত এক দশকে অসমে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এনডিএ-র প্রতি জনসমর্থন প্রয়োজন।” এ দিকে, কংগ্রেস প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়া প্রসঙ্গে কটাক্ষ করে যোগী আদিত্যনাথ বলেন, “নির্বাচনের আগেই কংগ্রেস ময়দান ছেড়ে পালিয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *