সেলুরপারে জলের ট্যাঙ্কে ডুবে শিশু মৃত্যুর ঘটনার তিন সপ্তাহ পেরোলেও অনিরাপদ ট্যাঙ্ক, ব্যবস্থা গ্রহণের দাবি কংগ্রেস নেত্রীর

বরাক তরঙ্গ, ১০ ফেব্রুয়ারি : পূর্ব সোনাই  এলাকার সেলুরপারে জল জীবন মিশনের পিএইচই প্রকল্পের ট্যাঙ্কে পড়ে শিশুটির মর্মান্তিক মৃত্যু ঘটে। কিন্তু এ ঘটনার তিন সপ্তাহ পেরিয়ে গেলেও আজও সেই বিপজ্জনক জলাধারটি ঘিরে কোনও ব্যারিকেড বা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়নি। স্কুলের একেবারে পাশে এমন অনিরাপদ ট্যাঙ্ক থাকায় আতঙ্কে রয়েছেন স্থানীয় অভিভাবকরা।

এনিয়ে সংশ্লিষ্ট বিভাগ ও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেস নেত্রী নাজিয়া ইয়াসমিন মজুমদার। সোমবার শোকাহত পরিবারের বাড়িতে গিয়ে সমবেদনা জ্ঞাপন করেন তিনি। পরে তিনি স্কুল ও জলের ট্যাঙ্ক পরিদর্শন করেন। ব্যারিকেড না থাকা জল প্রকল্পটি শীঘ্রই নিরাপদের ব্যবস্থা গ্রহণ করতে জেলা প্রশাসনের কাছে দাবি জানান। কংগ্রেস নেত্রী নাজিয়া ইয়াসমিন জানান, এখনও পর্যন্ত কোন সরকারি আধিকারিক কিংবা স্থানীয় বিধায়ক পরিবারের খোঁজ নিতে আসেননি। সংশ্লিষ্ট দফতরের কিছু আধিকারিক দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন এবং বিপজ্জনকভাবে ট্যাঙ্ক নির্মাণকারী ঠিকাদারকে আড়াল করার চেষ্টা চলছে বলে অভিযোগ তুলেন।

স্থানীয়দের মতে, এটি নিছক অবহেলা নয়—বরং জল জীবন মিশনের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পে চরম দায়িত্বহীনতার প্রতিফলন। যেখানে শিশুদের জীবন সবচেয়ে বেশি সুরক্ষার দাবি রাখে, সেখানে কীভাবে এমন ভয়ঙ্কর অবকাঠামো নির্মাণ করা হলো? আর একটি শিশুর প্রাণ চলে যাওয়ার পরেও কেন প্রশাসন নীরব? এনিয়ে প্রশ্ন তোলেন নাজিয়া ইয়াসমিন মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *