বরাক তরঙ্গ, ২৩ মার্চ : অসমের রাজনীতি শুদ্ধ করার লক্ষ্যে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানালেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি তথা যোরহাট বিধানসভা কেন্দ্রের প্রার্থী গৌরব গগৈ। সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বিভিন্ন ধর্মীয় স্থানে প্রার্থনা করে তিনি বলেন, রাজনীতি শুদ্ধিকরণের জন্য এবার অসমবাসীর সামনে একটি ঐতিহাসিক সুযোগ এসেছে।
মনোনয়নপত্র দাখিলের আগে গগৈ শহরের কেন্দ্রে অবস্থিত গুরুদ্বারে গিয়ে প্রার্থনা করেন এবং শিখ সম্প্রদায়ের মানুষের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি তিনি বড়ি গোসাঁনী দেবালয়, মাছরহাট বড় নামঘর, তরাজান মসজিদ এবং জেল রোডের একটি গির্জায় গিয়েও প্রার্থনা জানান।
একটি ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, রাজ্যের বিজেপি সরকার সরকারি প্রকল্পগুলিকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে। তাঁর দাবি, কোনও মহিলাকে সরকারি সুবিধা পেতে হলে বিজেপি কার্যালয়ে যেতে বা দলীয় পতাকা নিতে বাধ্য করা হয়, এমনকি দলীয় সভায় অংশগ্রহণ করতে হয়। এতে মহিলাদের সময় নষ্ট হচ্ছে, অথচ এই প্রকল্পগুলি জনগণের করের টাকায় পরিচালিত।
তিনি আরও বলেন, ভবিষ্যতে কংগ্রেস সরকার গঠন করলে যোগ্য সকল মহিলাই কোনও রাজনৈতিক বাধ্যবাধকতা ছাড়াই সরকারি সুবিধা পাবেন।
ধর্মীয় স্থানে প্রার্থনা শেষে গগৈ মন্তব্য করেন, “একটি মহান উদ্দেশ্য নিয়ে এবার রাজনীতির ময়দানে নেমেছি। বিগত কয়েক বছরে অসমের রাজনীতি নিম্নস্তরে নেমে গেছে। এবার সেই অবস্থার পরিবর্তনের জন্যই এই লড়াই।”




