ইউসুফের রোড শো-তে উচ্ছ্বাসের ঢেউ, জনসমর্থনেই জয়ের ইঙ্গিত

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৬ এপ্রিল : ভোট প্রচারের অন্তিম লগ্নে দক্ষিণ করিমগঞ্জে নজিরবিহীন চমক উপহার দিল তৃণমূল কংগ্রেস। প্রার্থী আজিজ আহমদ খানের নেতৃত্বে মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত বর্ণাঢ্য রোড শো ঘিরে গোটা এলাকা উৎসবের আবহে মেতে ওঠে।
এই বিশাল শোভাযাত্রার প্রধান আকর্ষণ ছিলেন ভারতের প্রাক্তন তারকা অলরাউন্ডার ও তৃণমূল কংগ্রেসের সাংসদ ইউসুফ পাঠান এবং সাংসদ সুস্মিতা দেব। ক্রীড়া ও রাজনীতির এই তারকাখচিত উপস্থিতি সাধারণ মানুষের আগ্রহকে বহুগুণ বাড়িয়ে তোলে।
সুসজ্জিত খোলা বিলাসবহুল গাড়িতে চড়ে আজিজ আহমেদ খান শোভাযাত্রার নেতৃত্ব দেন। তাঁর সঙ্গে ছিলেন দুই সাংসদও। হাজার হাজার মোটরসাইকেল, ছোট-বড় গাড়ি ও সমর্থকদের ঢলে রোড শোটি কার্যত এক চলমান জনসমুদ্রে পরিণত হয়। ঢাক-ঢোল, শঙ্খধ্বনি, পতাকা আর স্লোগানে মুখর হয়ে ওঠে চারদিক।
করিমগঞ্জের পুয়ামারা বাইপাস থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা অসম-ত্রিপুরা ৮ নম্বর জাতীয় সড়ক ধরে এগিয়ে দক্ষিণ করিমগঞ্জের শেষ প্রান্ত আছিমগঞ্জ বাজারে গিয়ে শেষ হয়। দীর্ঘ পথজুড়ে রাস্তার দুই ধারে মানুষের ঢল নেমে আসে। গ্রাম-শহরের নারী-পুরুষ, তরুণ-তরুণী থেকে প্রবীণ—সকলেই এক নজর দেখতে ভিড় জমান প্রিয় ক্রিকেটার পাঠানকে।
অনেকেই মোবাইলে সেই মুহূর্ত বন্দি করেন, কেউ সেলফিতে ব্যস্ত, আবার কেউ হাত নেড়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। সুপ্রকান্দি, নিলামবাজার, বাটইয়া, বারইগ্রাম ও চেরাগি বাজারসহ বিভিন্ন এলাকায় স্থানীয় মানুষজন ফুলের মালা, গামছা ও করতালির মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানান।

রোড শো চলাকালীন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আত্মবিশ্বাসী সুরে ইউসূফ পাঠান বলেন, “এই অভূতপূর্ব জনসমাগমই অনেক কিছু স্পষ্ট করে দিচ্ছে। মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সমর্থন দেখেই বোঝা যাচ্ছে, দক্ষিণ করিমগঞ্জের মানুষ পরিবর্তনের পক্ষে।” তিনি আরও যোগ করেন, “এই জনসমর্থনই প্রমাণ করছে, জোড়া ফুলের প্রার্থী আজিজ ভাইয়ের জয় এখন সময়ের অপেক্ষা।”

তাঁর এই মন্তব্যে নতুন উদ্দীপনা তৈরি হয় সমর্থকদের মধ্যে। স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। দলীয় নেতাদের মতে, এই রোড শো শুধুমাত্র রাজনৈতিক প্রচার নয়, বরং মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের এক বড় উৎসব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *