প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ‘আপত্তিকর’ স্লোগান, জেএনইউ পড়ুয়াদের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ বিশ্ববিদ্যালয়

৭ জানুয়ারি : খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে ‘উস্কানিমূলক’ ও ‘বিতর্কিত’ স্লোগান তোলার অভিযোগে উত্তপ্ত দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU)। এই ঘটনায় এবার এফআইআর দায়ের করতে চেয়ে দিল্লি পুলিশের শরণাপন্ন হলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মুখ্য নিরাপত্তা আধিকারিক বসন্ত কুঞ্জ থানায় এই মর্মে একটি চিঠি জমা দিয়েছেন।

বিক্ষোভের নেপথ্যে সুপ্রিম কোর্টের রায়: ২০২০ সালের দিল্লি হিংসার মামলায় মূল অভিযুক্ত জেএনইউ-এর দুই প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদ এবং শারজিল ইমামের জামিনের আবেদন সোমবার খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। অভিযোগ, শীর্ষ আদালতের এই রায়ের পরেই সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র সবরমতী হস্টেলের সামনে জমায়েত করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সেই জমায়েত থেকেই প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নামে কুরুচিকর এবং আপত্তিজনক স্লোগান দেওয়া হয় বলে দাবি কর্তৃপক্ষের। ইতিমধেই সেই বিক্ষোভের ভিডিও (ভিডিও-র সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এ দিকে, দিল্লি পুলিশকে লেখা চিঠিতে জেএনইউ কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, এ ধরনের আচরণ প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা এবং ক্যাম্পাসের সম্প্রীতি নষ্ট করে। চিঠিতে অদিতি মিশ্র, গোপিকা বাবু, দানিশ আলি এবং সাদ আজমি সহ একাধিক পড়ুয়ার নাম উল্লেখ করা হয়েছে। কর্তৃপক্ষের দাবি, গণতান্ত্রিক ভিন্নমত প্রকাশের নামে ব্যক্তিগত আক্রমণ এবং উস্কানি কোনওভাবেই বরদাস্ত করা হবে না। তাঁরা মনে করছেন, এই কাজ ইচ্ছাকৃতভাবে এবং সচেতনভাবে করা হয়েছে।

জেএনইউ ছাত্র সংসদের (JNUSU) সভাপতি অদিতি মিশ্র অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, প্রতি বছর ৫ জানুয়ারি ক্যাম্পাসে হওয়া হিংসার নিন্দা জানিয়ে ছাত্ররা বিক্ষোভ কর্মসূচি পালন করে। তাই করা হয়েছিল। তাঁর কথায়, “সব স্লোগানই ছিল আদর্শনৈতিক, কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার জন্য কিছু বলা হয়নি।”

প্রসঙ্গত, ২০২০ সালে সিএএ (CAA) বিরোধী আন্দোলনের সময় দিল্লি হিংসার ঘটনায় ৫৩ জনের মৃত্যু হয়েছিল। ষড়যন্ত্রের অভিযোগে জেলবন্দি রয়েছেন উমর ও শারজিল। সোমবার সুপ্রিম কোর্ট তাঁদের জামিন খারিজ করলেও এই মামলার অন্য পাঁচ অভিযুক্তকে জামিন দিয়েছে।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *