বরাক তরঙ্গ, ৯ এপ্রিল : ৪৩ নম্বর তামুলপুর বিধানসভা কেন্দ্রে ভোটের আবহে এক অপ্রীতিকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, তামুলপুর এলাকায় বিশ্বজিত দৈমারীর নেতৃত্বে বিজেপি কর্মীরা UPPL দলের সদস্যদের ওপর হামলা চালিয়েছে।
সূত্রের খবর, প্রায় ৫০ জন বিজেপি সমর্থক ১০টি গাড়িতে করে এসে হাতে মারাত্মক অস্ত্র ও পাথর নিয়ে UPPL সদস্যদের লক্ষ্য করে আক্রমণ চালায়। এই হামলায় একাধিক UPPL সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়াও গুরুতর অভিযোগ উঠেছে যে, বিটিসির দরংগাজুলি কেন্দ্রের MCLA তথা বিটিসির উপাধ্যক্ষ বিজিত গৌরা নার্জারি, TCLCC সভাপতি গেরেমসা বরগয়ারীসহ বিজেপির বহু সদস্য এই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন।
ঘটনাস্থলে দু’টি গুলিও চালানো হয়েছে বলে অভিযোগ। এই হামলায় বাতাবাড়ি গ্রামের ধরনী বড়ো এবং সিগ্রামারি গ্রামের দিনেশ বড়ো আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে গৌহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (GMCH) ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।



