টিএমসি-র নির্বাচনী সভায় হুড়োহুড়ি, আচমকা ভেঙে পড়ল মঞ্চ

Spread the news

বরাক তরঙ্গ, ৫ এপ্রিল : নির্বাচনী প্রচার সভায় হঠাৎ বিশৃঙ্খলা সৃষ্টি হল তৃণমূল কংগ্রেস (টিএমসি)-র এক জনসভায়। দলের নেতা মঞ্চে বক্তব্য রাখার সময় আচমকাই মঞ্চ ভেঙে পড়ে, যার ফলে সভাস্থলে আতঙ্ক ও চিৎকারের পরিবেশ তৈরি হয়।

ঘটনাটি ঘটেছে ২২ নম্বর মন্দিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কলগাছিয়ার পাট বাজার এলাকায়। রবিবার সেখানে টিএমসি প্রার্থী শেরমান আলি আহমদের সমর্থনে একটি নির্বাচনী প্রচার সভার আয়োজন করা হয়েছিল। সভায় উপস্থিত একাধিক টিএমসি নেতা সরকারের বিরুদ্ধে বক্তব্য রাখছিলেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, এক নেতা যখন মাইক্রোফোনে বক্তব্য দিচ্ছিলেন, তখন হঠাৎই মঞ্চটি ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যেই চিৎকার-চেঁচামেচি শুরু হয়ে যায়। মঞ্চে উপস্থিত অতিথিরা আতঙ্কিত হয়ে পড়েন এবং পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয়। অনেকেই ঘটনাটি দেখে হতবাক হয়ে পড়েন, আবার কিছু উপস্থিত ব্যক্তি হাসি-ঠাট্টা করতেও শুরু করেন।

উল্লেখ্য, প্রার্থী শেরমান আলি আহমদ অতীতে বিভিন্ন ইস্যুতে সরব হয়ে ঠিকাদারদের বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা করেছেন। তবে এদিনের এই ঘটনার জন্য কাকে দায়ী করা হবে, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই বিরোধী শিবিরের একাংশ এই ঘটনাকে নির্বাচনে পরাজয়ের পূর্বাভাস হিসেবে ব্যাখ্যা করতে শুরু করেছে। নির্দল প্রার্থী ফারুক খানও এটিকে “পরাজয়ের শেষ সংকেত” বলে মন্তব্য করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *