ভোটদানের সুযোগ দেওয়ার প্রশ্নই ওঠে না’, ট্রাইব্যুনালে আবেদনকারীদের নিয়ে মন্তব্য সুপ্রিম কোর্টের

Spread the news

১৩ এপ্রিল : পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়েছে ৯০ লক্ষের বেশি নাম। ভোটার তালিকাও ফ্রিজ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এদিকে অনেকেই ট্রাইব্যুনালে গিয়েছেন। কিন্তু ট্রাইব্যুনালে আবেদনকারীরা ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা এবার স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সোমবার শীর্ষ আদালত সাফ জানিয়ে দিয়েছে, ট্রাইব্যুনালে আবেদনকারীদের ভোটদানের সুযোগ দেওয়া সম্ভব নয়।

সোমবার এই মামলার শুনানিতে তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যে প্রায় ১৬ লক্ষ আপিল জমা পড়েছে। নির্বাচনের আগে এই বিপুল সংখ্যক মানুষকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়ার আর্জি জানান তিনি। এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত অত্যন্ত কড়া ভাষায় বলেন, ‘সেই প্রশ্নই ওঠে না। যদি আমরা এটা অনুমতি দিই, তা হলে যাঁদের নাম ইতিমধ্যেই ভোটার তালিকায় রয়েছে, তাঁদের ভোটাধিকারও স্থগিত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা এমন কোনও পরিস্থিতি তৈরি করতে পারি না, যাতে আপিল ট্রাইব্যুনালের বিচারপতিদের উপর আরও বাড়তি চাপ পড়ে। আমাদের সামনে আর একটি আবেদনও রয়েছে, যেখানে আপিল প্রক্রিয়া স্থগিত করার দাবি তোলা হয়েছে।’

অন্যদিকে, বিচারপতি জয়মাল্য বাগচী উল্লেখ করেন যে, এসআইআর প্রক্রিয়ায় আপিলের সংখ্যা আসলে প্রায় ৩৪ লক্ষ। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির জমা দেওয়া রিপোর্টের ভিত্তিতেই এই পরিসংখ্যান তুলে ধরেন তিনি। কমিশনের নিয়ম অনুযায়ী, নির্বাচনের ঠিক আগে বিশেষ আদালতের নির্দেশ ছাড়া নতুন করে কোনও নাম তালিকায় তোলা সম্ভব নয়। আজ সুপ্রিম কোর্ট সেই নির্দেশ না দেওয়ায় আপাতত ওই ভোটারদের ভাগ্য ঝুলেই রইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *