বরাক তরঙ্গ, ৫ এপ্রিল : অসমে বারবার আসা-যাওয়া অব্যাহত রেখেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আবারও নির্বাচনী প্রচারে অংশ নিতে গুয়াহাটি বরঝারস্থিত লোকপ্রিয় গোপীনাথ বরদলই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। রবিবার সন্ধ্যায় বিমানবন্দরে অবতরণের পর সরাসরি কইনাধরার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী।
কইনাধরায় রাত কাটানোর পর সোমবার রাজ্যের একাধিক স্থানে আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী মোদি। এর আগে রবিবার পশ্চিমবঙ্গের কোচবিহারে নির্বাচনী সভা সেরে বিমানযোগে অসমে পৌঁছান তিনি।
৬ এপ্রিল প্রধানমন্ত্রী রাজ্যের তিনটি স্থানে নির্বাচনী প্রচারে অংশ নেবেন। ডিব্রুগড়, চড়াইদেউ ও শিবসাগর জেলার একাধিক বিধানসভা কেন্দ্রকে নিয়ে মোরানের পোলো ক্লাব মাঠে তাঁর জনসভা অনুষ্ঠিত হবে। এই সভায় চরাইদেউ জেলার সোনারি ও মাহমরা, শিবসাগরের নজিরা, ডিব্রুগড়ের খোৱাং, টিংখাং, নাহরকটিয়া, দুলিয়াজান, চাবুয়া-লাহোৱাল এবং ডিব্রুগড় কেন্দ্রের মানুষ উপস্থিত থাকবেন।
অন্যদিকে, বরপেটা রোডেও নির্বাচনী সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। প্রায় ১০ বছর পর বরপেটা রোড মিনি স্টেডিয়ামে তাঁর জনসভা অনুষ্ঠিত হতে চলেছে। সাতটি বিধানসভা কেন্দ্র বজালি, বরপেটা, ভবানীপুর-সরভোগ, মানাহ, বিজনী, অভয়াপুরী এবং বঙাইগাঁও—নিয়ে এই সভা অনুষ্ঠিত হবে। প্রায় এক লক্ষ মানুষের সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়াও হোজাইয়ের শ্রীমন্ত শংকরদেব নগরের মাঠে অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর আরেকটি বৃহৎ জনসভা। হোজাই, লামডিং, বিন্নাকান্দি, রংখাং ও হাফলং বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার চালাবেন তিনি। এই সফরের মাধ্যমে হোজাই অঞ্চলের ভোটারদের আকৃষ্ট করার লক্ষ্য রয়েছে প্রধানমন্ত্রীর। দুপুর ১টা নাগাদ তাঁর হোজাই পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, এর আগেও একাধিকবার নির্বাচনী প্রচারে অসম সফর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নির্বাচনী প্রচার শেষ হওয়ার একদিন আগে, অর্থাৎ ৬ এপ্রিল তিনটি জনসভায় অংশ নিতে রবিবার সন্ধ্যায় তিনি অসমে পৌঁছান। আগামী ৭ এপ্রিল সন্ধ্যা ৫টার সঙ্গে সঙ্গে রাজ্যে নির্বাচনী প্রচারের সমাপ্তি ঘটবে। এর আগে ১ এপ্রিল অসমে এসে ধেমাজির গোগামুখ এবং বিশ্বনাথের বিহালিতে অনুষ্ঠিত দুটি জনসভায় অংশ নিয়ে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করেছিলেন প্রধানমন্ত্রী মোদি।



