বরাক তরঙ্গ, ১৩ ফেব্রুয়ারি : আগামীকাল অসম সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নির্ধারিত সূচি অনুযায়ী, তিনি ভোর ৭টা ১৫ মিনিটে দিল্লি থেকে রওনা হয়ে সরাসরি চাবুয়ায় পৌঁছাবেন। সকাল ৯টা ৫০ মিনিটে চাবুয়া এয়ারফিল্ডে প্রধানমন্ত্রীর বিমান অবতরণ করবে। এরপর সকাল ১০টায় চাবুয়া থেকে মরাণের উদ্দেশে রওনা হবেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ডিব্রুগড় জেলায় বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। ELF উদ্বোধন উপলক্ষে নির্দিষ্ট এলাকার ১০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ইটভাটার চিমনি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইটভাটার সঙ্গে যুক্ত সমস্ত কাজ ১৩ ও ১৪ ফেব্রুয়ারি বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ পাঠানো হয়েছে। অন্যদিকে, মরাণে গেট পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের জন্যও বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে। মরাণে যাতায়াতের ক্ষেত্রে বিকল্প পথ ব্যবহার করতে বলা হয়েছে। পাশাপাশি ১৪ ফেব্রুয়ারি ভোর ৫টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
এ দিনমরাণের জাতীয় সড়কে নির্মিত ELF-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে ১৬টি বিমান অংশ নেবে, যার মধ্যে একাধিক যুদ্ধবিমান থাকবে। Dassault Rafale এবং Sukhoi Su-30MKI যুদ্ধবিমান এয়ার শো-তে অংশ নেবে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে প্রায় ৩০ মিনিটের এয়ার শো অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান শেষে সেখান থেকেই গুয়াহাটি যাবেন প্রধানমন্ত্রী। পরে গুয়াহাটিতে ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত গুয়াহাটি ও উত্তর গুয়াহাটির সংযোগকারী নতুন সেতুর উদ্বোধন করবেন তিনি। লাচিতঘাটে অনুষ্ঠিত হবে সেতু উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নিজেই নতুন সেতুটি পরিদর্শন করবেন।



