কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভোট

১২ ফেব্রুয়ারি : বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের ২৯৯টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন কেন্দ্রে কেন্দ্রে চলছে ভোট গণনার প্রস্তুতি। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শেষ হয়। এরপরই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা গণনার কার্যক্রম শুরু করেন। তবে যেসব কেন্দ্রে বিকেল ৪টার আগে ভোটাররা লাইনে দাঁড়িয়ে ছিলেন, তাদের ভোটগ্রহণ শেষ করে তারপর গণনা শুরু করার নির্দেশনা রয়েছে।

সকাল সাড়ে ৭টায় সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। টানা নয় ঘণ্টা বিরতিহীনভাবে ভোট নেওয়া হয়। তবে শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে। পরবর্তী তফসিল অনুযায়ী ওই আসনে ভোট অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গণনার সময় প্রথমে সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট আলাদা করা হবে। এরপর পৃথকভাবে দুই ধরনের ভোট গণনা করবেন কর্মকর্তারা।

এ দিকে, ভোটের সময় ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। জালভোট দেওয়া হয়েছে ৫৯টি এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ৩টি জায়গায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *