ডিউটির সময় শেষ হয়ে যাওয়ায় বিমান ওড়াতে চাননি পাইলট, চরম বিশৃঙ্খলা

Spread the news

১৭ জানুয়ারি : এবার চরম বিশৃঙ্খলা ছড়াল ইন্ডিগোর বিমানে। ডিউটির সময় শেষ হয়ে যাওয়ায় বিমান ওড়াতে চাননি পাইলট। যাকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা ছড়াল মুম্বই থেকে থাইল্যান্ডের ক্রাবিগামী বিমানে। ইন্ডিগোর 6E 1085 বিমানের ভোর ৪টে ৫ মিনিট নাগাদ উড়ানের কথা ছিল। কিন্তু, তিন ঘণ্টার বেশি দেরি হয় সেটি।

ঘটনার সময়ের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, বিমানে থাকা ক্রেবিন ক্রু-দের সঙ্গে যাত্রীদের তপ্ত বাক্য বিনিময় চলছে। যাত্রীরা অভিযোগ তোলেন যে, পাইলট বিমান নিয়ে যেতে চাইছেন না এই বলে যে তাঁর ডিউটির সময় শেষ হয়ে গেছে। এক যাত্রী তখন চিৎকার করে বলতে থাকেন, “আমাদের যে প্ল্যান আছে তার কী হবে ?” ক্রু মেম্বারদের যাত্রীরা প্রশ্ন করেন, “উনি ইঁদুরের মতো কেন লুকিয়ে আছেন ?” এই পরিস্থিতিতে উত্তেজিত এক যাত্রীকে এক্সিট ডোরে লাথি মারতেও দেখা যায়।

পরে এক বিবৃতিতে ইন্ডিগোর মুখপাত্র জানান, “বিমানবন্দরে দেরিতে আসা, বিমান যানজট এবং ক্রুদের তাঁদের ডিউটির সময়সীমা শেষ হয়ে যাওয়ার মতো বিভিন্ন কারণে” মুম্বই থেকে ফ্লাইটটি প্রাথমিকভাবে দেরি হয়েছিল। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “অপেক্ষার সময় দুই যাত্রী অনুপযুক্ত আচরণ করেছেন। তাঁদের অবাধ্য ঘোষণা করা হয়। প্রোটোকল অনুযায়ী, তাঁদের বিমান থেকে নামিয়ে নিরাপত্তা এজেন্সির হাতে তুলে দেওয়া হয়েছে। যার জেরে বিমানের আরও দেরি হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *